দাউদকান্দি ও উল্লাপাড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩
কুমিল্লার দাউদকান্দি ও সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আজ শুক্রবার এবং গতকাল বৃহস্পতিবার পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছে। দাউদকান্দি: কুমিল্লার দাউদকান্দি উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বলদাখাল এলাকায় আজ শুক্রবার সকালে সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছে।দাউদকান্দি হাইওয়ে পুলিশ জানায়, সকাল সোয়া নয়টার দিকে চট্টগ্রামগামী বালুবোঝাই একটি ট্রাক একটি নছিমনকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নছিমনের যাত্রী স্থানীয় কাজিরকোনা গ্রামের রতন চৌধুরী (৪৫) ও ফুল মিয়া (৩৫) মারা যান। হাইওয়ে পুলিশ দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি অন্যত্র সরিয়ে নিয়েছে। রতন ও ফুল মিয়ার লাশ দাউদকান্দি হাইওয়ে পুলিশ হেফাজতে আছে। এ ঘটনায় দাউদকান্দি থানায় মামলা হয়েছে।উল্লাপাড়া: গতকাল রাত নয়টার দিকে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় ঢাকা-রাজশাহী মহাসড়কের হরিণচরে একটি মাইক্রোবাসের সামনের চাকা ফেটে যায়। এতে মাইক্রোবাসটি উল্টে রাস্তার পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। ঘটনাস্থলেই মাইক্রোবাসের যাত্রী উত্পল দত্ত (৪৬) নিহত হন এবং অপর ছয় যাত্রী আহত হয়। নিহত উত্পলের বাড়ি উল্লাপাড়া পৌরসভার ঘোষগাঁতী মহল্লায়।উল্লাপাড়ার হাটিকুমরুল হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আবদুল আজিজ জানান, উত্পল তাঁর আত্মীয়-স্বজনের সঙ্গে ঢাকা থেকে রাজশাহী যাচ্ছিলেন। এ ব্যাপারে সলঙ্গা থানায় একটি মামলা হয়েছে।