দাউদকান্দি ও ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় নিহত ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার দাউদকান্দি ও ফরিদপুরের ভাঙ্গায় পৃথক সড়ক দুর্ঘটনায় আজ শুক্রবার চারজন নিহত হয়েছে।দাউদকান্দি হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ সকাল সাড়ে ১০টার দিকে দাউদকান্দি উপজেলার হাসানপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ঢাকাগামী কাভার্ড ভ্যানের চাপায় ফজিলাতুন নেছা (৫৫) নামের একজন নিহত হন। তিনি স্থানীয় গয়েশপুর গ্রামের বাসিন্দা।বেলা সাড়ে ১১টার দিকে একই মহাসড়কের উপজেলার ইলিয়টগঞ্জে একটি পিকআপভ্যান রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে পথচারী স্থানীয় জিংলাতলী গ্রামের বাসিন্দা আবদুল বারেক (৫৫) ঘটনাস্থলেই নিহত হন। ভাঙ্গা হাইওয়ে পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. মনির হোসেন প্রথম আলোকে বলেন, খুলনা থেকে ঢাকামুখী সুন্দরবন পরিবহনের যাত্রীবাহী বাস বেলা ১১টার দিকে উপজেলার সোয়াদীতে একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের আরোহী উপজেলার আলগী ইউনিয়নের শাহ মুল্লুকদী গ্রামের মাহাবুব শেখ (৩২) এবং শরীয়তপুরের জাজিরা উপজেলার বিকে নগরের হাওলাদারকান্দি গ্রামের চুন্নু শেখ (২৮) নিহত হন।