দাউদকান্দিতে চার ছিনতাইকারী আটক
কুমিল্লার দাউদকান্দিতে একটি সিএনজি-চালিত অটোরিকশার চালক ও তার যাত্রীবেশী তিন ছিনতাইকারীকে হাতে-নাতে গ্রেপ্তার করে হাইওয়ে পুলিশ। গতকাল রোববার রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। গ্রেপ্তারকৃত ছিনতাইকারীরা হচ্ছেন, অটোরিকশাচালক ইকবাল (৩২) এবং যাত্রীবেশী মনির (২৭), লিয়াকত (৩০) ও শরীফউদ্দিন (২৫)। দাউদকান্দি হাইওয়ে পুলিশ ছিনতাইয়ের কাজে ব্যবহূত অটোরিকশাটিও জব্দ করেছে।দাউদকান্দি হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, দাউদকান্দির কানোরা গ্রামের টমটমচালক (নসিমন) আল-আমিন গতকাল রাতে কানোরা থেকে দাউদকান্দি সদরে যাচ্ছিলেন। পথে অন্য কোনো বাহন না পেয়ে তিনি ওই অটোরিকশায় ওঠেন। এতে আগে থেকেই যাত্রীবেশে বসেছিল তিন ছিনতাইকারী। কিছু দূর যেতেই ছিনতাইকারীরা আল-আমিনের কাছ থেকে অস্ত্রের মুখে মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নেয়। এ সময় তাঁর চিত্কারে সেখানে কর্মরত দাউদকান্দি হাইওয়ে পুলিশ অটোরিকশাটির গতিরোধ করে ছিনতাইকারীদের হাতে-নাতে গেপ্তার করে।দাউদকান্দি হাইওয়ে পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রফিকুল ইসলাম জানান, এটি একটি সংঘবদ্ধ ছিনতাইকারী দল। এরা একই কায়দায় আরও কয়েকটি ছিনতাই করে ঢাকার দিকে যাচ্ছিল। ছিনতাইকারীদের কাছ নগদ ৩০ হাজার টাকা এবং কয়েকটি মোবাইল ফোনসেট পাওয়া গেছে। এ ঘটনায় দাউদকান্দি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।