দাউদকান্দিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ২ ঘণ্টা অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লোডশেডিং বন্ধ ও নিরবচ্ছিন্ন বিদ্যুত্ সরবরাহের দাবিতে আজ মঙ্গলবার কুমিল্লার দাউদকান্দি উপজেলার বিশ্বরোডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক দুই ঘণ্টা অবরোধ করে রাখে কয়েক হাজার বিদ্যুত্ গ্রাহক। এ সময় তারা তিনটি গাড়ি ভাঙচুর করে। পরে নিরবচ্ছিন্ন বিদ্যুত্ সরবরাহ করা হবে উপজেলা পৌর চেয়ারম্যানের এমন আশ্বাসে বেলা সোয়া ১২টার দিকে অবরোধ তুলে নেয় বিক্ষুব্ধরা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে আজ সকাল ১০টা থেকে কয়েক হাজার বিদ্যুত্ গ্রাহক বিশ্বরোডের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ২০টি টায়ার ও অসংখ্য গাছের খুঁটি জ্বালিয়ে অবরোধ শুরু করে।খবর পেয়ে দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আনোয়ারুল নাসের ও দাউদকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার চক্রবর্তী ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ আলোচনা করে নিরবচ্ছিন্ন বিদ্যুত্ সরবরাহের আশ্বাস দিলেও গ্রাহকেরা তা প্রত্যাখ্যান করেন।অবস্থার অবনতি দেখে দাউদকান্দি থানা পুলিশ স্থানীয় মসজিদগুলোর মাইকের মাধ্যমে অবরোধকারীদের রাস্তা থেকে সরে যাওয়ার অনুরোধ জানাতে থাকে এবং কঠোর ব্যবস্থার নেওয়ার হুঁশিয়ারি দেয়। তবে গ্রাহকেরা এ আহ্বান উপেক্ষা করে স্থানীয় বিদ্যুত্ কর্মকর্তাদের অপসারণের দাবিতে মহাসড়ক বন্ধ করে মিছিল করেন।অবরোধের কারণে মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার বাটেরচর এলাকা থেকে দাউদকান্দির গৌরীপুর পর্যন্ত প্রায় ২০ কিলোমিটার এলাকায় দীর্ঘ যানজট সৃষ্টি হয়। এসময় প্রচণ্ড রোদে যানজটে আটকা পড়ে যাত্রীদেরকে দুর্ভোগ পোহাতে হয়। বেলা সোয়া ১২টার দিকে দাউদকান্দি পৌর চেয়ারম্যান নাসিরউদ্দিন নিরবচ্ছিন্ন বিদ্যুত্ সরবরাহের আশ্বাস দিলে বিক্ষুব্ধ গ্রাহকেরা অবরোধ তুলে নেয়। পরে র্যাব-১১, দাউদকান্দি থানার পুলিশ এবং দাউদকান্দি হাইওয়ে পুলিশ যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।