দাউদকান্দিতে পাঁচ ডাকাত গ্রেপ্তার
ঢাকা-হোমনা সড়কের তিতাস উপজেলার কেশবপুরে গতকাল গভীর রাতে ডাকাতিকালে পাঁচ ডাকাতকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। পুলিশ ও এলাকাবাসী সূত্রে এ খবর পাওয়া গেছে।আটক হওয়া ডাকাতেরা হলেন—সাদেক (২১), সজল (২২), ইসমাইল (২৫), ইসলাম (২৪) ও ইসমাইল (৩০)। এঁদের সবার বাড়ি কুমিল্লার হোমনা উপজেলায়। সূত্র জানায়, গতকাল রাত দুইটার দিকে তিতাস উপজেলার কেশবপুরে কয়েকজন অস্ত্রধারী ডাকাত সিএনজিচালিত অটোরিকশা ও মাইক্রোবাসে ডাকাতি করছিল। এ সময় যাত্রীদের চিত্কার শুনে এলাকাবাসী ধাওয়া করে পাঁচ ডাকাতকে ধরে গণপিটুনি দেয়। বাকিরা পালিয়ে যায়। পরে আহত অবস্থায় তাদের দাউদকান্দি থানায় সোপর্দ করা হয়। আটক ডাকাতদের কাছ থেকে ১৩টি মুঠোফোন ও ১৪ হাজার টাকা উদ্ধার করেছে পুলিশ।দাউদকান্দি থানার উপপরিদর্শক (এসআই) প্রথম আলো অনলাইনকে ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, অস্ত্রধারী ডাকাতেরা পালাতে পারলেও নিরস্ত্র ডাকাতেরা পালাতে পারেনি। তারা দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিত্সাধীন রয়েছে বলে জানান তিনি।