দাউদকান্দিতে বিএনপি-যুবলীগের পাল্টাপাল্টি সমাবেশ, ১৪৪ ধারা জারি
কুমিল্লার দাউদকান্দির টোলপ্লাজা এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। ওই এলাকায় একই স্থানে বিএনপি ও যুবলীগের সমাবেশ ডাকার পর সংর্ঘষ বাধার আশঙ্কায় উপজেলা প্রশাসন আজ বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে রাত ১০টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করে । সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, দাউদকান্দি পৌর বিএনপির নবগঠিত কমিটি আজ বিকেল তিনটায় টোলপ্লাজা এলাকার রাঙ্গাবউ কমিউনিটি সেন্টারে একটি পরিচিতি সভা আহ্বান করে। অন্যদিকে স্থানীয় যুবলীগ মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধকারীদের বিচারের দাবিতে একই সময় ওই স্থানে সমাবেশের ডাক দেয় ।গতকাল বুধবার থেকেই দুপক্ষ সমাবেশের প্রস্তুতি নিতে থাকে। এ পরিস্থিতিতে সংঘর্ষের আশঙ্কায় দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ারুল নাসের রাঙ্গাবউ কমিউনিটি সেন্টার ও এর ২০০ গজ এলাকার মধ্যে দুপুর ১২টা থেকে রাত ১০ পর্যন্ত ১৪৪ ধারা জারি করেন।পৌর বিএনপির সভাপতি আবদুস সাত্তার বলেন, দাউদকান্দি পৌর বিএনপির নবগঠিত কমিটির পরিচিতি সভার জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি, দাওয়াত, চিঠি বিতরণসহ পূর্ব প্রস্তুতি ছিল। দাউদকান্দি উপজেলার যুবলীগের আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক মো. শাহজালাল বলেন উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে আবেদনের মাধ্যমে সমাবেশ ডাকা হয়েছে।