দাউদকান্দিতে বিদ্যালয়ে ছাদের পলেস্তরা খসে ১১ ছাত্রী আহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিদ্যালয়ের ছাদের পলেস্তরা খসে পড়ে দাউদকান্দিতে আহত হয়েছে ১১ ছাত্রী। তারা সবাই কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর সুবল আফতাব উচ্চবিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ‘গ’ শাখার ছাত্রী। আহত ছাত্রীরা জানায়, আজ সকাল সাড়ে ১০টার দিকে পাঠদান চলাকালে হঠাৎ তাদের শ্রেণীকক্ষের ছাদের পলেস্তরা খসে পড়ে। বড় একটি খণ্ড তাদের গায়ে পড়ে। তারা আতঙ্কে চিৎকার শুরু করলে আশপাশের ক্লাসের শিক্ষক ও শিক্ষার্থীরা এসে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, সেখানে আহত চার ছাত্রীকে ভর্তি করা হয়েছে। অন্যদের দাউদকান্দির বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে।স্কুলের প্রধান শিক্ষক মো. দেলোয়ার হোসেন জানান, ভবনটি পুরোনো হওয়ায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পর আতঙ্ক ছড়িয়ে পড়ায় স্কুল ছুটি ঘোষণা করা হয়।