দাউদকান্দিতে যুবকের লাশ নিয়ে অবরোধ, বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার দাউদকান্দি উপজেলায় র‌্যাবের পিটুনিতে এক যুবকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ইউসুফ (২৪) নামের ওই যুবকের লাশ নিয়ে তাঁর স্বজন ও এলাকাবাসী গতকাল বুধবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক এক ঘণ্টা অবরোধ করে বিক্ষোভ করে।নিহত ব্যক্তির আত্মীয়স্বজনের অভিযোগ, গত রোববার রাত ১০টার দিকে র‌্যাব-১১-এর সদস্যরা উপজেলার মোবারকপুর গ্রামে গিয়ে চুনু মিয়ার ছেলে ইউসুফকে এলোপাতাড়ি পেটান। গুরুতর আহত ইউসুফকে প্রথমে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ঢাকার আল-আরাফাত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে মঙ্গলবার দিবাগত রাত তিনটায় তিনি মারা যান। ইউসুফের লাশ গতকাল ভোরে গ্রামের বাড়িতে পৌঁছালে হূদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। নিহত ইউসুফের স্ত্রী রোজিনা দুই ছেলে নাদিম (৪) ও নাইমকে (৫ মাস) নিয়ে কান্নায় ভেঙে পড়েন। ইউসুফের মা-বাবার আহাজারিতে বাতাস ভারী হয়ে ওঠে।বেলা ১১টার দিকে ইউসুফের লাশ একটি রিকশাভ্যানে করে ইলিয়টগঞ্জ বাজার এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ওপর রেখে তাঁর আত্মীয়স্বজনসহ এলাকাবাসী বিক্ষোভ শুরু করে। প্রায় এক ঘণ্টা পর দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আনোয়ারুল নাসের, কুমিল্লার সহকারী পুলিশ সুপার (মুরাদনগর সার্কেল) মো. আইয়ুব ও দাউদকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাউসার চৌধুরী ওই স্থানে পৌঁছে ঘটনার সুষ্ঠু বিচারের আশ্বাস দেন। এরপর অবরোধকারীরা লাশ নিয়ে চলে যান। এ সময় মহাসড়কে কয়েক কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ফলে যাত্রীদের অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হয়।নিহত ইউসুফের বাবা চুনু মিয়া ও মা বেগমের নেছা অভিযোগ করেন, যুবলীগের স্থানীয় নেতা আক্তার হোসেনের সহযোগিতায় রোববার রাত ১০টার দিকে বাড়িতে এসে র‌্যাবের সদস্যরা ইউসুফকে ধরে লাঠি দিয়ে পেটাতে শুরু করেন। পরে র‌্যাব ইউসুফকে নিয়ে যেতে চাইলে পরিবারের লোকজন বাধা দেন। বাধার মুখে র‌্যাবের সদস্যরা ইউসুফকে রেখে যেতে বাধ্য হন।র‌্যাব-১১-এর কর্মকর্তা মেজর আরমান মোল্লা চৌধুরী মুঠোফোনে স্থানীয় সাংবাদিকদের জানান, দাউদকান্দির মোবারকপুরে চুনু মিয়ার বাড়িতে জুয়ার আসর ও মাদকসেবীদের আড্ডার খবর পেয়ে র‌্যাব-১১-এর একটি দল সেখানে যায়। র‌্যাবের সদস্যদের উপস্থিতি টের পেয়ে জুয়াড়ি ও মাদকসেবীরা পালিয়ে যায়। র‌্যাবের দলটিও সেখান থেকে চলে আসে। লাঠিপেটা বা আহতের কোনো ঘটনা সেখানে ঘটেনি। তিনি বলেন, র‌্যাবের বিভিন্ন সফল অভিযানে ক্ষিপ্ত হয়ে মাদক ব্যবসায়ী ও জুয়াড়িদের একটি চক্র এসব মিথ্যা অভিযোগ এনেছে।যুবলীগের নেতা আক্তার ঘটনার সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করেছেন।দাউদকান্দির ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন অভিযোগ করেন, তাঁর ইউনিয়নের টামটা গ্রামের ব্যবসায়ী দেলোয়ারকে একই দিন র‌্যাবের সদস্যরা ধরে নিয়ে গেছেন। মেজর আরমান মোল্লা চৌধুরী জানান, তাঁকে ৭৪ বোতল ফেনসিডিলসহ বন্দর থানা এলাকা থেকে গ্রেপ্তারের পর আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।