দাউদকান্দিতে সড়ক দুর্ঘটনায় নিহত ২, যানজটে যাত্রী-দুর্ভোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার দাউদকান্দি উপজেলার দৌলতপুর এলাকায় আজ শনিবার ভোররাতে সড়ক দুর্ঘটনায় দুজন নিহত ও অন্তত ২০ জন আহত হয়েছেন। এই দুর্ঘটনার পর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৮ কিলোমিটারজুড়ে যানজটের সৃষ্টি হয়। দুপুর পর্যন্ত চলা যানজটে পড়ে দুর্ভোগ পোহাতে হয় যাত্রীদের। ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ ও আহত বাসযাত্রীরা জানান, আজ ভোররাত সাড়ে তিনটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দৌলতপুর এলাকায় রাস্তার ওপর বিকল হয়ে পড়া ট্রাকের পেছনে এসে ধাক্কা খায় যাত্রীবাহী একটি বাস। এটির পেছনে আরেকটি বাস ধাক্কা দিলে প্রথম বাসটির দুই যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। তাঁদের পরিচয় পাওয়া যায়নি। আহত ২০ জনকে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিত্সা দেওয়া হয়।ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশের সার্জেন্ট আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।দুর্ঘটনার পর এই মহাসড়কে ১৮ কিলোমিটারজুড়ে যানজটের সৃষ্টি হয়। এতে আটকা পড়ে দুর্ভোগ পোহাতে হয় ঈদের ছুটি শেষে ঢাকামুখী শত শত যাত্রীকে। ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ সকাল আটটার পর রেকার এনে দুর্ঘটনায় পড়া বাসটি সরিয়ে নেয়। তবে এলোপাতাড়ি যানবাহন চলাচল করায় দুপুর পর্যন্ত যানজট প্রলম্বিত হয়। ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মাসুক মিয়া প্রথম আলো ডটকমকে বলেন, দুর্ঘটনায় পড়া বাসটি খাদ থেকে ওঠানোর সময় এবং মহাসড়ক থেকে বাসটি সরানোর সময় যানজটের সৃষ্টি হয়।