দাউদকান্দিতে সড়ক দুর্ঘটনায় নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার দাউদকান্দি উপজেলার জিংলাতলীতে আজ বৃহস্পতিবার সকালে কাভার্ড ভ্যান ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে দুই ব্যক্তি নিহত হয়েছে। এ ছাড়া এ ঘটনায় একই পরিবারের আরও পাঁচজন আহত হয়েছে। নিহতেরা হলেন—ফয়সাল কবির (১৮) ও সৈয়দ মো. বাবলু (৫৫)। জানা গেছে, নিহত ফয়সাল পাকিস্তানের নাগরিক।পুলিশ ও নিহতদের স্বজনেরা জানায়, আজ সকাল সাড়ে ছয়টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দাউদকান্দি উপজেলার জিংলাতলীতে চট্টগ্রামগামী একটি কাভার্ড ভ্যানের সঙ্গে ঢাকাগামী মাইক্রোবাসের সংঘর্ষ হয়। ঘটনার পর মাইক্রোবাসের আহত চালক ও যাত্রীদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে চিকিত্সাধীন অবস্থায় ফয়সাল ও বাবলুর মৃত্যু হয়।দাউদকান্দি হাইওয়ে পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) মহিউদ্দিন আহমেদ প্রথম আলো অনলাইনকে জানান, চট্টগ্রামগামী ওই কাভার্ড ভ্যানটি অন্য একটি কাভার্ড ভ্যানকে অতিক্রম করতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ওই কাভার্ড ভ্যানটি আটক করলেও চালক পালিয়ে গেছে। এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে।নিহত ফয়সাল পরিবারসহ ছুটি কাটাতে বাংলাদেশে এসেছিলেন। আজ দুপুরের ফ্লাইটে তাঁদের পাকিস্তানে ফিরে যাওয়ার কথা ছিল। আর বাবলুর গ্রামের বাড়ি কুমিল্লার লালবাগ গ্রামে। তিনি কুমিল্লা জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের দপ্তর সম্পাদক।