দাউদকান্দিতে সড়ক দুর্ঘটনায় নিহত ৩
কুমিল্লার দাউদকান্দি উপজেলার রায়পুর এলাকায় এক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ২০ জন যাত্রী। গতকাল রোববার রাত নয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।নিহত ব্যক্তিরা হলেন লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার কলাকোপা গ্রামের দুলাল (২৪) ও উত্তর কেরুয়া গ্রামের সোহাগ (২৫) এবং অজ্ঞাত এক যুবক (২৬)। আহত যাত্রী ও পুলিশ জানায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ওই স্থানে গতকাল রাতে জোনাকী পরিবহনের যাত্রীবাহী একটি বাস অন্য একটি বাসকে অতিক্রম করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় উল্টে যায়। এতে ঘটনাস্থলেই বাসের দুই যাত্রী এবং দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর একজন মারা যায়। দুর্ঘটনাকবলিত বাসটি ঢাকা থেকে লক্ষ্মীপুরের রায়পুরে যাচ্ছিল।আহত ব্যক্তিদের মধ্যে ইকবাল, মিজানুর রহমান ও মনির হোসেনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আর বেলাল ও কামাল নামের দুজন যাত্রীকে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়, অন্যদের প্রাথমিক চিকিত্সা দেওয়া হয়। লাশ দাউদকান্দি হাইওয়ে পুলিশের হেফাজতে রয়েছে।দুর্ঘটনার পর থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ঘণ্টাব্যাপী চার কিলোমিটার রাস্তায় যানজটের সৃষ্টি হয়।দাউদকান্দি হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) নন্দন কান্তি ধর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নিহত দুলালের পরিবার জানায়, তিনি বিদেশে যাওয়ার জন্য মেডিকেল চেকআপ শেষে ঢাকা থেকে বাড়ি ফিরছিল।