দাউদকান্দিতে সড়ক দুর্ঘটনায় নিহত ৩
কুমিল্লার দাউদকান্দি উপজেলায় আজ বুধবার সকালে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে উপজেলার গাজীপুর এলাকায় সকাল আটটার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন—সাদেকুর রহমান (৬০), আবুল বাশার (৪০) ও মাহবুব আলম (৪৫)। তাঁদের সবার বাড়ি দাউদকান্দির ছেন্ডি গ্রামে।প্রত্যক্ষদর্শীরা জানায়, উপজেলার গাজীপুর এলাকায় আজ সকাল আটটার দিকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস বেবিট্যাক্সিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই বেবিট্যাক্সির তিনজন যাত্রী নিহত হয়। আহত হয় বেবিট্যাক্সির আরও দুজন যাত্রী। আহত ব্যক্তিরা দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও দাউদকান্দি এলহাম হাসপাতালে চিকিত্সাধীন। তারা সবাই ছেন্ডি গ্রাম থেকে দাউদকান্দি সদরে যাচ্ছিল।দাউদকান্দি হাইওয়ে পুলিশ ফাঁড়ির সার্জেন্ট রফিকুল ইসলাম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ তিনটি দাউদকান্দি হাইওয়ে পুলিশের হেফাজতে আছে। ঘাতক বাসটিকে আটক করা হয়েছে। তবে বাসটির চালক পালিয়ে গেছেন।