দাউদকান্দিতে সড়ক দুর্ঘটনায় নিহত ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি উপজেলার বারপাড়ায় বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত ও দুজন আহত হয়েছেন। আজ শুক্রবার সকাল সোয়া ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।নিহত ব্যক্তিরা হলেন: অটোরিকশার যাত্রী দাউদকান্দি উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. শফিকুল ইসলাম ভূইয়া (৬১), উপজেলার কাদিয়ারভাংগা গ্রামের বাচ্চু মিয়া (৬০), মাহফুজুর রহমান (৬), চাঁদপুরের মতলব উপজেলার দাশেরবাজার গ্রামের হাজি মমতাজ উদ্দিন (৬৫) ও অটোরিকশাচালক উপজেলার কেশরিয়াখোলা গ্রামের শাহ আলম (৪০)। অটোরিকশার যাত্রী এবং নিহত বাচ্চু মিয়ার স্ত্রী মমতাজ বেগম (৪৫), ছেলের বউ (নিহত মাহফুজুর রহমানের মা) রোকসানা বেগম (২৫) গুরুতর আহত হন। তাঁদের আশঙ্কাজনক অবস্থায় প্রথমে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। দুর্ঘটনার পর পর উত্তেজিত এলাকাবাসী এসে বাসটিতে আগুন ধরিয়ে দেয় ।দাউদকান্দি থানা, হাইওয়ে পুলিশ, বাসের যাত্রীরা জানান, ঢাকা থেকে সোনাপুরগামী একুশে এক্সপ্রেসের যাত্রীবাহী বাসটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চার লেন প্রকল্পের বর্ধিত কাঁচা সড়ক দিয়ে যাচ্ছিল। এ সময় বাসটি সিএনজিচালিত একটি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ওই পাঁচজন নিহত হন। নিহত বাচ্চু মিয়ার স্ত্রী মমতাজ বেগম ও তাঁর ছেলের বউ রোকসানা বেগমকে গুরুতর অবস্থায় প্রথমে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। দুর্ঘটনার পর উত্তেজিত এলাকাবাসী বাসটিতে আগুন ধরিয়ে দেয়। বাসের যাত্রীরা এ সময় জানালা দিয়ে লাফিয়ে প্রাণে বাঁচেন। তবে বাসের চালক অন্য একটি বাসে উঠে ঢাকার দিকে পালিয়ে যান। দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, লাশগুলো জেলা প্রশাসনের অনুমতি নিয়ে আত্মীয়স্বজনেরা নিয়ে যায়। পুলিশ বাদী হয়ে দাউদকান্দি থানায় মামলা করেছে।