দাউদকান্দিতে ১৪৪ ধারা
দাউদকান্দি উপজেলার শহীদনগর এম এ জলিল উচ্চবিদ্যালয় মাঠে আজ শনিবার দুপুর ১২টা থেকে রাত ১২টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয়েছে। দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আনোয়ারুল নাসের জানান, উপজেলা বিএনপি ও উপজেলা আওয়ামী লীগ একই স্থানে সভা ডাকায় সংঘর্ষ এড়াতে তিনি এ ঘোষণা দিয়েছেন। দাউদকান্দি উপজেলা যুবদলের আহ্বায়ক ভিপি জাহাঙ্গীর আলম জানান, উপজেলা প্রশাসনের পূর্ব অনুমতি অনুযায়ী আজ বিএনপি উপজেলার শহীদনগর এম এ জলিল উচ্চবিদ্যালয় মাঠে এক প্রস্তুতি সভার আয়োজন করে। আগামী ৮ জানুয়ারি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার চট্টগ্রাম অভিমুখে রোড মার্চে যাওয়া উপলক্ষে এ সভার আয়োজন করা হয়। কিন্তু এতে বাধা সৃষ্টির উদ্দেশ্যে একই সময়ে একই স্থানে দাউদকান্দি উপজেলা আওয়ামী লীগ যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে সভা ডাকে। দাউদকান্দি উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসেম সরকার বলেন, ‘যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে আমরা পূর্বপ্রস্তুতি নিয়ে সেখানে সভা ডাকি। কিন্তু যুদ্ধাপরাধীদের বিচার যেন সঠিকভাবে না হয়, উপজেলা বিএনপি সে জন্য পাল্টা সভা ডেকেছে।’দাউদকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সার্বিক (ওসি) রতন কৃষ্ণ নাথ জানান, যেকোনো বিশৃঙ্খলা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে।