দাউদকান্দিতে ১৮ কিলোমিটার যানজট
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার দাউদকান্দি উপজেলার টোল প্লাজা থেকে ইলিয়টগঞ্জ পর্যন্ত ১৮ কিলোমিটার এলাকায় আজ শুক্রবার সকালে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। দুপুর ১২টায় শেষ খবর পাওয়া পর্যন্ত যানজট অব্যাহত ছিল। এতে দুর্ভোগে পড়েছে যাত্রীরা। হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল রাতে ওই এলাকায় ৫০ কিলোমিটার যানজট ছিল। আজ সকাল ১০টার পর থেকে ওই এলাকায় ১৮ কিলোমিটার যানযট ছিল। দীর্ঘ যানজটে আটকা পড়া অনেক যাত্রীই পায়ে হেঁটে গন্তব্যের দিকে যাচ্ছে। কুমিল্লা হাইওয়ে পুলিশের সহকারী পুলিশ সুপার (পূর্বাঞ্চল) জাকির হোসেন জানান, টানা তিন দিনের ছুটিতে এমনিতেই গাড়ির চাপ বেশি। তারপর মাইক্রোবাস, প্রাইভেটকার ও জিপ-জাতীয় ছোট গাড়িগুলো নিয়ম না মেনেই অন্য গাড়ির সঙ্গে পাল্লা দিয়ে রাস্তায় চলছে। এলোমেলোভাবে অন্য গাড়িকে অতিক্রম করায় যানজটের সৃষ্টি হয়েছে। তবে এসব গাড়ির মালিকদের কিছু বললেই তাঁরা নিজেদের ভিআইপি পরিচয় দেন।