দাউদকান্দিতে ৪৫ কিলোমিটার যানজট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার দাউদকান্দিতে প্রায় ৪৫ কিলোমিটার এলাকায় রাতভর দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। দাউদকান্দির টোলপ্লাজা এলাকা থেকে কুমিল্লা সেনানিবাস পর্যন্ত এই যানজট আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত অব্যাহত রয়েছে। ফলে যানজটে আটকা পড়া যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। দাউদকান্দি হাইওয়ে পুলিশের সার্জেন্ট ফজলুল হক প্রথম আলোকে জানান, যানজট এতই তীব্র আকার ধারণ করেছে যে দুুপুরের পরও যান চলাচল স্বাভাবিক হয় কি না সন্দেহ রয়েছে। তবে যানজট স্বাভাবিক করার যথাসম্ভব চেষ্টা চালান হচ্ছে।জানা যায়, গতকাল বুধবার সন্ধ্যা সাতটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চান্দিনা উপজেলার মাদাইয়ায় ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস ও চট্টগ্রামগামী একটি ট্রাকের সংঘর্ষ হয়। এর ফলে সড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে। প্রায় এক ঘণ্টা পর ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ দুর্ঘটনা-কবলিত যান দুটি অন্যত্র সরালেও যানজট অব্যাহত থাকে। পাশাপাশি ঘন কুয়াশার কারণে এবং এলোমেলোভাবে যানবাহন চলাচলের ফলে যানজট তীব্র আকার ধারণ করে।