দাউদকান্দির অ্যাসিড মামলার প্রধান আসামির আত্মসমর্পণ
দাউদকান্দির অ্যাসিডদগ্ধ মাদ্রাসাছাত্রী ফারজানার বাবার দায়ের করা মামলার প্রধান আসামি সাদ্দাম হোসেন আজ মঙ্গলবার কুমিল্লার বিচারিক হাকিম নাসরীন জাহানের আদালতে আত্মসমর্পণ করেন। আদালত সাদ্দাম হোসেনকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। সাদ্দাম হোসেনের আত্মসমর্পণের কথা জানিয়ে দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল ফয়সল প্রথম আলো ডটকমকে বলেন, ‘এ মামলার শুনানিতে ১৩ ডিসেম্বর সাদ্দাম হোসেনের তিন বন্ধুর রিমান্ড চাওয়া হবে।’গতকাল সোমবার ঢাকার একটি বেসরকারি হাসপাতালে মারা যায় দাউদকান্দির নিজ বাড়িতে অ্যাসিডদগ্ধ মাদ্রাসাছাত্রী ফারজানা আক্তার। গত ১১ নভেম্বর রাতে দুর্বৃত্তরা ঘরের জানালা দিয়ে ঘুমন্ত ফারজানা, তার ভাগনে ও গৃহকর্মীর ওপর এসিড ছোড়ে।ফারজানার বড় ভাই নিজাম উদ্দিন জানান, ফারজানার শেষ ইচ্ছা ছিল প্রকৃত দোষীদের যেন বিচার হয়। এ ছাড়া ফারজানার সঙ্গে অ্যাসিডদগ্ধ ফয়সাল ও গৃহকর্মী খাদিজা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চেয়েছেন বলে তিনি জানান।