দাউদকান্দির রায়পুরে ১৪৪ ধারা জারি
কুমিল্লার দাউদকান্দির রায়পুর কেসি উচ্চবিদ্যালয় এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। আজ সোমবার দুপুর ১২টা থেকে কাল মঙ্গলবার ভোর পাঁচটা পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে। একই এলাকায় যুবদল ও যুব সংহতির ইফতার মাহফিল ডাকাকে কেন্দ্র করে সংঘর্ষের আশঙ্কায় প্রশাসন ১৪৪ ধারা জারি করেছে।জানা গেছে, উপজেলা যুবদল আজ বিকালে উপজেলার রায়পুর কেসি উচ্চবিদ্যালয় মাঠে ইফতার মাহফিলের আয়োজন করে। একই সময়, একই এলাকায় ইফতার মাহফিল আয়োজনের ঘোষণা দেয় যুব সংহতি নামের একটি সংগঠন। এ অবস্থায় অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আনোয়ারুল নাসের ১৪৪ ধারা জারি করেন। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম জানান, তাঁদের ইফতার মাহফিল আগে থেকেই ঠিক করা ছিল। এর জন্য যেখানে আবেদন করার দরকার, সেখানে আবেদনও তাঁরা করেছিলেন। অপরদিকে যুব সংহতির সভাপতি রবিউল আউয়াল জানান, তাঁরাও ইফতার মাহফিলের জন্য ইউএনওর কাছে আবেদন করেছিলেন।কুমিল্লার সহকারী পুলিশ সুপার (মুরাদনগর সার্কেল) মো. আইয়ুব ও দাউদকান্দির সহকারী কমিশনার (ভূমি) সুলতানা রাজিয়া ১৪৪ ধারা জারির সত্যতা নিশ্চিত করেছেন।