দাও ফিরিয়ে ভাষার অধিকার সর্বোচ্চ আদালতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বের বিভিন্ন দেশে উচ্চ আদালতে বিচারিক কার্যক্রম পরিচালিত হয় তাদের নিজের ভাষার মাধ্যমে। যেমন সারা বিশ্বের ক্ষমতাধর রাষ্ট্র আমেরিকা, ইংল্যান্ড, রাশিয়া ও পাশের দেশ ভারতেও। একমাত্র আমাদের দেশে উচ্চ আদালতে ব্যতিক্রম চিত্র দেখতে পাই। এখানে পাই পাশ্চাত্যের ভাষার ঘ্রাণ। আমরা জানি, ইংরেজি ভাষা ছাড়া পৃথিবীর বুকে মূল্যায়ন পাওয়া কখনোই সম্ভব নয়। আমেরিকা ও ইংল্যান্ডে বিচারের ক্ষেত্রে ইংরেজি ভাষা ব্যবহূত হয়, কারণ ইংরেজি তাদের মাতৃভাষা। আমাদের দেশে উচ্চ আদালতে ইংরেজি ছাড়া কল্পনাই করা যায় না। এখানকার বিচারক ও আইনজীবীদের মনে হয় যেন তাঁরা পশ্চিমা দেশের লোক। আমি বুঝি না, কেন আমাদের এ দেশে বিচারের ক্ষেত্রে শেক্সপিয়ারের ভাষা চালু থাকবে। আমরা বাঙালি, আমরা বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে চাই। তার মানে এই নয়, ইংরেজি বাদ দিয়ে। কারণ, ইংরেজি ভাষাকে পৃথিবীর প্রথম ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। সেহেতু কিছুতেই একে এড়ানো সম্ভব নয়। শেক্সপিয়ারের ভাষাকে অবশ্যই সম্মান করতে হবে। তার মানে এই নয়, ওই ভাষাকে প্রাণের স্পন্দন হিসেবে নিতে হবে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৪ সালের ২৪ অক্টোবর জাতিসংঘের সাধারণ পরিষদে ২৯তম অধিবেশনে বাংলায় ভাষণ দিয়েছিলেন এবং তিনি বোঝাতে সক্ষম হয়েছিলেন যে বাংলা আমার মায়ের ভাষা, আমার গর্ব, আমার অহংকার। যেখানে আফ্রিকার দেশ সিয়েরা লিওনে বাংলা ভাষাকে দ্বিতীয় রাষ্ট্রভাষার মর্যাদা দিয়েছে, সেখানে কেন মায়ের কোলে সন্তানের জায়গা হবে না। এখানে কি প্রশ্ন আসতে পারে না, কেন তাঁরা বাংলা ভাষাকে দ্বিতীয় স্থানে রেখে ইংরেজিকে তৃতীয় স্থানে রেখেছেন? প্রবাদ আছে, ‘মিঠাবিহীন পিঁপড়াও হাঁটে না।’ তা হলে আমি নির্দ্বিধায় বলতে পারি, বাংলা ভাষায় লুক্কায়িত আছে হাজারো মণিমুক্তা। বাংলা সাহিত্যের উজ্জ্বল নক্ষত্র কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর গল্প ‘আমার ছেলেবেলা’য় উল্লেখ করেছেন, ‘আগে চাই বাংলা ভাষার গাঁথুনি, তার পর ইংরাজি শেখার পত্তন।’ কিন্তু তাঁর কথাও আজ মিছে মরীচিকার মতো মনে হয়। বাংলাদেশের সংবিধানের ১৫৩(২) ধারায় বলা আছে, ‘বাংলায় এই সংবিধানের একটি নির্ভরযোগ্য পাঠ ও ইংরেজিতে অনূদিত একটি নির্ভরযোগ্য পাঠ থাকবে এবং উভয় পাঠ নির্ভরযোগ্য বলিয়া গণপরিষদের স্পিকার সার্টিফিকেট প্রদান করিবেন। তবে শর্ত থাকে যে বাংলা ও ইংরেজি পাঠের মধ্যে বিরোধের ক্ষেত্রে বাংলা পাঠ প্রাধান্য পাইবে।’ সংবিধান যেকোনো দেশের জন্য সর্বোচ্চ আইন। সর্বোচ্চ আইনে বলা আছে, বাংলা ভাষা প্রাধান্য পাবে কিন্তু সর্বোচ্চ আদালত হিসেবে কেন বাংলা ভাষা সেখানে ঠাঁই পাবে না। তাই আমরা আজও দ্বিধাগ্রস্ত, কবে এই বিদেশি ভাষার বেড়াজাল থেকে মুক্ত হতে পারব। পশ্চিমা ভাষার বেড়াজালে বন্দী আমার ভাষা আজ নীরবে-নিভৃতে গুমরে গুমরে কাঁদছে, যার কোনো প্রতিকার আমাদের কাছে নেই। আমি একজন অতি নগণ্য মানুষ হিসেবে আকুতি জানাচ্ছি। যেমন, ‘লোহাকে সূর্যের আলো দিয়ে বৃথা গলানোর চেষ্টা’ তবুও আমি বিজ্ঞ মহাজ্ঞানীদের সঙ্গে সুরে সুর মিলিয়ে বলতে চাই, ‘দাও না ফিরিয়ে আমার মায়ের ভাষার অগ্রাধিকার, এই সর্বোচ্চ আদালতের মঞ্চে।’ মো. নুরুলইসলাম  শিক্ষার্থী, আইন বিভাগ, স্টামফোর্ড ইউনিভার্সিটি