দাও ফিরে সে অরণ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম আলো আমাকে লিখেছে, ‘আপনার কাছ থেকে আমরা আশা করছি “স্বপ্নের স্বদেশ: নিসর্গ”—এই বিষয়ে একটি রচনা। আমাদের চিন্তাটা এ রকম: লেখাটা হতে পারে বাংলাদেশের নিসর্গের একটি আদর্শ চিত্র, যেটা কাল্পনিক—যা হয়তো বর্তমানে আমরা পাই না, কিন্তু যা আমরা পেতে চাই।’ চিঠিটি পড়ে আমি আনন্দিত ও উদ্বিগ্ন। কী লিখব? একটি কল্পচিত্র আঁকা হয়তো কঠিন নয়, কিন্তু যখন ‘পৃথিবীর গভীরতর অসুখ’, তখন এমন চাওয়াকে বড়ই অবাস্তব মনে হয়। এই ‘অসুখ’ দুরারোগ্য, চিকিৎসক আছেন অনেক, ব্যবস্থাপত্রও নানাবিধ, কিন্তু সবই সাময়িক উপশমের, আরোগ্যের নয়। আমরা জানি না আগামী ২০-৩০ বছরে পৃথিবীর পরিবেশ-পরিস্থিতি কী পর্যায়ে পৌঁছাবে, বাংলাদেশের অবস্থাই বা কেমন দাঁড়াবে। এই সংকট একাধারে বৈশ্বিক ও দেশিক। প্রথমটি আমাদের নিয়ন্ত্রণাতীত, দ্বিতীয়টি কতটা নিয়ন্ত্রণসাধ্য বলা সহজ নয়। বাংলাদেশ পৃথিবীর সর্বাধিক জনঘন ভূখণ্ড, আয়তন ও সম্পদ সীমিত, প্রাকৃতিক পরিবেশ অতিশয় নাজুক, কৃষিজমি বাড়ানোর সুযোগ নেই, শিল্পায়ন অপরিহার্য। এই পরিস্থিতিতে প্রকৃতির প্রতি ঔদার্য প্রদর্শনের অবকাশ কোথায়? পৃথিবীর কোথাও কেউ তা দেখাতে পারেনি। উন্নত বিশ্বের নিসর্গ বড়ই মুগ্ধকর, প্রকৃতিকে তারা অনেকটাই ঢেলে সাজাতে পেরেছে, কিন্তু তারাই আবার বিশ্ব-বাস্তুসংস্থানের সবচেয়ে বড় দূষক ও বিনষ্টা। পুঁজি ও প্রকৃতির বিরোধ জন্মগত, শেষ পর্যন্ত হারজিত কেউ জানে না। আমরা গরিব দেশের মানুষ, দর্শকমাত্র।এসব ভাবলে বড়ই দুঃখভারাক্রান্ত হয়ে পড়ি। গত অর্ধশতক আমিও আপনার মতোই বাংলার নিসর্গ নিয়ে স্বপ্ন দেখেছি, তখনো অর্থনীতি ও উন্নয়নের জটিল মারপ্যাঁচ বুঝতাম না, রবীন্দ্রনাথ পড়ে বুঁদ হয়ে থাকতাম, ‘নীলাঞ্জন ছায়া প্রফুল্ল কদম্ববন’ আজও আমাকে ক্ষণিকের জন্য হলেও বিদ্যমান বাস্তবতা ভুলিয়ে দেয়, স্বপ্ন দেখায়।ছেলেবেলার কথা মনে পড়ে। আমাদের গ্রাম থেকে চার মাইল দূরে পাথারিয়া পাহাড়, মাধবকুণ্ড জলপ্রপাত। পাহাড়ের কাছে আমাদের একটি বাড়ি ছিল এবং এখনো আছে। কৈশোরের অনেকটা সময় কেটেছে ওখানে। নিবিড় বন ছিল তখন এবং নানা বন্য প্রাণী ও অজস্র জাতের পাখি, বানর, হনুমান, শূকর, হরিণ, সম্বর, শজারু, বনরুই, রামকুত্তা, এমনকি বাঘও। শীতের শূন্য ধানখেতে নামত ঝাঁকে ঝাঁকে বনমোরগ, উড়িয়া আমের গাছে হরিয়াল, বাঁশবনে ভিমরাজ, বুনো জামের গাছে ফুল ফুটলে নানা রঙের এত সব পাখি আসত যে মনে হতো গোটা একটা রামধনু তাতে আটকে আছে। আদিবাসী ছেলেদের সঙ্গে দিনমান বনে ঘুরে বেড়াতাম। নুড়িভরা স্বচ্ছ জলের ছড়া উজিয়ে গহন বনের গভীরে চলে যেতাম, পাথুরে পাড় বেয়ে তিরতিরিয়ে নামছে জলের ধারা। চারপাশে নানা বুনো আগাছা, মাথার ওপর গাছ ও বাঁশের নিশ্ছিদ্র চাঁদোয়া, একসময় মনে হতো কোনো অদৃশ্য শক্তি এক দুর্নিবার সম্মোহনে আমাদের আটকে রাখছে, কিছুতেই বের হতে দিচ্ছে না। আরেক দিনের কথা। চৈত্র মাস। পত্রমোচী গাছেরা পাতা ঝরাচ্ছে। বনের ভেতর আমি একা। হঠাৎ দমকা হাওয়ায় পাতা ঝরতে লাগল আর সেই মর্মরধ্বনি প্রবল তরঙ্গের মতো বনে ছড়িয়ে পড়তে লাগল। মনে হলো ঘুমন্ত বন যেন আচমকা জেগে উঠেছে, বেহুঁশ আমি ঠায় কতক্ষণ সেখানে দাঁড়িয়ে ছিলাম মনে নেই।১৯৬৫ সাল, কলেজে পড়াই। এক শীত মৌসুুমে পাড়ি দিয়েছিলাম নেত্রকোনার মোহনগঞ্জ থেকে সুনামগঞ্জ শহর পর্যন্ত দীর্ঘ পথ জলজ আগাছার খোঁজে। হাওরগুলো শুকিয়ে গেছে, বেরিয়ে পড়েছে উঁচু-নিচু তলদেশ, দিগন্তবিস্তৃত দূর্বাশ্যামল প্রান্তর, মাঝেমধ্যে বিলের স্বচ্ছ জলের ঝলকানি, তাতে পরিযায়ী হাঁসের দল, উঁচু এলাকায় হিজলবন, সঙ্গে নানা আগাছা, এমনকি শতমূলী আর বুনো-গোলাপও। নির্ভয়ে ঘুরে বেড়াচ্ছে ঢাউস সব ঘুঘু, বনের ভেতর জলচর পাখিদের কিচিরমিচির। কোথাও জনমানব নেই, অদ্ভুত এক প্রগাঢ় নৈঃশব্দ্য, যেন ছোঁয়া যায়, ধরা যায়। সৌন্দর্যের এমন লীলাভূমি জীবনে খুব কমই দেখেছি। এই তো বাংলার নিসর্গের আদর্শ চিত্র।আমার ছেলেবেলার পাহাড়ি বনভূমি এবং যৌবনে দেখা হাওরাঞ্চল গত ৩০ বছরে সম্পূর্ণ পাল্টে গেছে। পাথারিয়া পাহাড় এখন বৃক্ষশূন্য, বন্য প্রাণী ও পাখিরা উধাও, প্রাকৃতিক বনের বদলে পাহাড়ে এখন সামাজিক বনায়ন চলছে। গ্রামীণ নির্জনতা ভেঙে চলছে যান্ত্রিক যানবাহন। সর্বত্র দোকানপাট। পথেঘাটে লোকের ভিড়, সবাই কর্মব্যস্ত এবং এটাও স্বীকার্য, আমাদের কৈশোরকালের জনদারিদ্র্য অনেকটাই হ্রাস পেয়েছে। বিলাঞ্চলে এখন কমে গেছে বোরো চাষ ও মাছের রমরমা ব্যবসা। হিজলবনগুলো আর নেই, মাছ কমে গেছে, কয়েকটি প্রজাতিও বিলুপ্ত, পরিযায়ী হাঁসেরা মোটেও নির্বিঘ্ন নয়। আর সেই নৈঃশব্দ্য? হয়তো তা-ও হারিয়ে গেছে। আমরা চাইলেও তা আর ফেরত পাব না।গত ৩০ বছরে আমাদের লক্ষণীয় অর্জন আছে, আর সেসব পরিসংখ্যানে আমাদের দৈনিকগুলোর পৃষ্ঠা ঠাসা থাকে। বলা বাহুল্য, এসব অর্জন ঘটেছে অনেকটাই প্রাকৃতিক সম্পদের বিনিময়ে। আর প্রক্রিয়াটি বৈশ্বিক। দৃশ্যটা এ রকম: পুঁজি নামক দুঃশাসন (পুঁজি যথার্থই দুঃশাসন) প্রকৃতিরূপী দ্রৌপদীর বস্ত্রহরণে উন্মত্ত আর আমরা মানুষেরা পাণ্ডবদের মতোই অসহায় দর্শক। দুঃশাসনকে নিরস্ত করা আমাদের সাধ্যাতীত। পুঁজি শুধু প্রকৃতিকেই শোষণ করে না, মানুষকেও শোষণ করে। সমাজতান্ত্রিক বিপ্লব দ্বিতীয়টি নিয়ন্ত্রণের চেষ্টায় শেষ পর্যন্ত পুঁজির কাছে হার মানল। মার্ক্স আমাদের স্বপ্ন দেখিয়েছিলেন যে কমিউনিজমে মানুষ কর্তৃক মানুষ শোষণ এবং মানুষ কর্তৃক প্রকৃতি শোষণের অবসান, অর্থাৎ পুঁজির বিলুপ্তি ঘটবে। কিন্তু এ জন্য ঐতিহাসিক বস্তুবাদের পথপরিক্রমায় যেটুকু সময়ের প্রয়োজন তা আমাদের হাতে নেই। পুঁজিতন্ত্র সভ্যতার যে বিশাল ও দুর্ভেদ্য কাঠামো নির্মাণ করেছে এবং তা রক্ষার যেসব অস্ত্রশস্ত্র মজুদ রেখেছে, তার কোনো মৌলিক সংস্কার বা রূপান্তর সংঘটন অসম্ভব। এ ক্ষেত্রে মানুষের শুভবুদ্ধি নিতান্তই একটি ফেলনা বস্তু।বাকি থাকল দুটি সম্ভাবনা: পুঁজির মজ্জাগত অন্তর্দ্বন্দ্বে তার ক্ষয় এবং পরিবেশ বিপর্যয়জনিত মহাপ্রলয়। প্রথমটি যদি ঘটেই যায়, তাতে একটি অজানা অচেনা সভ্যতা নির্মাণে যেটুকু সময় লাগবে, প্রকৃতি সেটুকু মঞ্জুর করবে কি না বলা কঠিন। দ্বিতীয়টি ঘটলে বিশ্বের জনসংখ্যা ও সভ্যতার সিংহভাগ ধ্বংস হয়ে যাবে এবং মানুষকে আরেকটি সভ্যতা নির্মাণ করতে হবে। কিন্তু সেই সভ্যতাও যে অতীত সভ্যতার প্রত্নকাঠামোভিত্তিক হবে না, কে বলতে পারে? বিজ্ঞানীরা বলেন, মানুষের আদি পাপ—স্বার্থপরতা ও প্রতিযোগিতার জিনগত ভিত্তি আছে এবং ‘প্রাকৃতিক নির্বাচন’-প্রক্রিয়ায় তা আমাদের বংশগতিতে দৃঢ়বদ্ধ।পশ্চিমের প্রকৃতিবিদেরা এসব বিষয় নিয়ে আমাদের ভাবতে বলছেন। প্রিয় পাঠক, ততোধিক কিছু বলা আমার পক্ষে অসম্ভব, তাই আমিও আপনাদের সবিনয়ে ভাবতে বলি। তবে বলে রাখি, মাঝেমধ্যে মনে হয়, আদিবাসী মানুষ আমাদের মতো সুখে না থাকলেও অধিক স্বস্তিতে আছেন।দ্বিজেন শর্মা: লেখক, নিসর্গবিদ।