দাকোপে পিটিয়ে বাঘ হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লোকালয়ে আসা একটি রয়েল বেঙ্গল টাইগারকে পিটিয়ে হত্যা করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে খুলনার দাকোপ উপজেলার পেড়িখালী গ্রামে এ ঘটনা ঘটে। জানা গেছে, সুন্দরবনের ভদ্রা নদী পার হয়ে বাঘটি গতকাল সোমবার রাতে পেড়িখালী গ্রামে চলে আসে। আজ সকাল ছয়টার দিকে এটি পেড়িকাটা খালে মাছ ধরতে থাকা জেলে নির্মল সর্দারের ওপর হামলা করে। এ সময় গ্রামবাসী ছুটে গিয়ে বাঘটিকে পিটিয়ে হত্যা করে। সুন্দরবন পূর্বাঞ্চলের বিভাগীয় বন কর্মকর্তা আমির হোসাইন চৌধুরী প্রথম আলো ডটকমকে জানান, এটি পুরুষ বাঘ, বয়স আনুমানিক ১২ বছর। সম্ভবত খাবারের সন্ধানে লোকালয়ে চলে আসে। বন বিভাগের লোকজন খবর পেয়ে মৃত বাঘটিকে উদ্ধার করে ঢাংমারি স্টেশনে নিয়ে যান। ময়নাতদন্তের জন্য খুলনা থেকে ভেটেরিনারি সার্জন এসে নমুনা সংগ্রহ করে নিয়ে গেছেন। এরপর চমড়া ছিলে বাঘটি মাটিচাপা দেওয়া হয়েছে। এ ঘটনায় দাকোপ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হবে বলে জানান বন কর্মকর্তা আমির হোসাইন।