দাকোপের প্রাথমিক শিক্ষার হালচিত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইলার আঘাতে খুলনার দাকোপ উপজেলার তিনটি ইউনিয়নের অধিকাংশ শিক্ষাপ্রতিষ্ঠান বিধ্বস্ত হওয়ায় সেখানকার শিশুদের পাঠদান ব্যাহত হচ্ছে। কোনো কোনো স্থানের সব বসত বাড়ি ভেঙে গিয়ে বিদ্যালয়টি চরের মতো জেগে থাকলেও ভাঙা বাঁধ আর ধসে যাওয়া রাস্তার কারণে শিক্ষার্থীরা সেসব স্কুলেও যেতে পারছে না। উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা গেছে, প্রাথমিক শিক্ষার মানের ক্ষেত্রে দাকোপ উপজেলা বাংলাদেশের মধ্যে শ্রেষ্ঠ উপজেলা ছিল।সরেজমিনে দেখা যায়, দাকোপ উপজেলার সুতারখালী ইউনিয়নের সাহারাবাদ পশ্চিম শ্রীনগর চৌমোহনী রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ের অস্তিত্ব বোঝাই যায় না। আইলার পর বাঁধের এক পাশে বাঁশের খুঁটির ওপর প্রায় ৩২ ফুট বাই ১২ ফুটের টিনের ছাউনি দাঁড়িয়ে আছে। নিচে বাঁশ ও কাঠের পাটাতন। মাঝখানে কোনো বেড়া ছাড়া একটানা ঘরটিই এখন স্কুল। চারপাশের বেড়ার তিন পাশের বেড়াতে তিনটি ব্লাকবোর্ড লাগানো। প্রথম ও দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীরা প্রথম সেশনে একসঙ্গে ক্লাস করে এবং তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা দ্বিতীয় সেশনে একসঙ্গে ক্লাস করে।এ বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্র পার জয়নগর গ্রামের মো. রাসেল সানা বলে, ‘গামছা পড়ি পানি-কাদার মধ্যিদি হাঁটি আসিত হয় আবির ফিরত হয়। স্কুল আসিতপর প্যান্ট পড়তি হয়। ইখান থিক ঘর যাই আর পড়িত ইছ্ করে না।’ একই বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্র উজ্জ্বল মণ্ডলের মা কালী মণ্ডল (৩৫) বলেন, ‘ঘরে বসি পড়ার অবস্থা নষ্ট হই গেছ। ছেলেক স্কুল নি আসি, আমিও থাই যাই, যা শিখার ইখান থিক শিখত হবে।’খোঁজ নিয়ে জানা গেছে, আইলা-পরবর্তী সময়ে উপজেলার সুতারখালী, দাকোপ ও কামারখোলা ইউনিয়নের শিশু শিক্ষার্থীর সংখ্যা উল্লেখযোগ্য হারে হ্রাস পেয়েছে। শ্রীনগর উত্তরপাড়া রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ের পাঁচটি শ্রেণীতে ৬৯ জন, শ্রীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৬৬ জন ও ফকিরডাঙ্গা বিএফসি প্রাথমিক বিদ্যালয়ে ৬৭ জন শিক্ষার্থী রয়েছে। আইলার আগে এসব বিদ্যালয়ে বর্তমানের দ্বিগুণ বা তার চেয়েও বেশি শিক্ষার্থী অধ্যয়ন করত।কামারখোলা গ্রামের পঞ্চম শ্রেণীর ছাত্র রফিক সানা, তৃতীয় শ্রেণীর সোহেল সরদার ও আমেনা খাতুন কয়েক সপ্তাহ ধরে স্কুলে যায় না। তাদের মতো অনেকেই এখন আর স্কুলে যায় না। ওরা ফকিরডাঙ্গা বিএফসি রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ে পড়ে। বিদ্যালয়ে যাওয়ার রাস্তা ও ফকিরডাঙ্গার কাঠের পুলটি পানির তোড়ে ভেঙে গেছে। সোহেল সরদার বলে, ‘কাঠর বিজ (ব্রিজ) ভাইংগিছ, তাইজন্নি স্কুল যাতি পাত্তিছ না। ঘরে বসি পড়তিছ। না পোল্লি, পাইস না কল্লি ফোরেত (চতুর্থ শ্রেণী) উঠপ কিমন কর।’শ্রীনগর উত্তরপাড়া রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিত্যানন্দ রায় বলেন, ‘স্কুলের শিক্ষার্থীর সংখ্যা অনেক কমে গেছে। আইলার আগে ১৬০ জন শিক্ষার্থী ছিল। বর্তমানে শিক্ষার্থী মাত্র ৬৯ জন। আইলার পর বাঁধ না হওয়ায় অনেক পরিবার বাড়িঘর ফেলে অন্যত্র চলে গেছে। ফলে এই অবস্থার সৃষ্টি হয়েছে।’ শ্রীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমর কৃষ্ণ রায় বলেন, ‘দুই দিন আগে সকাল ১১টার দিকে পঞ্চম শ্রেণীর কয়েকজন শিক্ষার্থী এসে বলল, আজ তাড়াতাড়ি ছুটি দিয়ে দেন। জোয়ার হয়ে গেলে আজ আর বাড়ি যেতে পারব না। এভাবে কি লেখাপড়া শেখা বা শেখানো যায়?’দাকোপ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নরেন্দ্রনাথ মৌত্র প্রথম আলোকে বলেন, ‘আইলার পর শিশু শিক্ষার্থীদের স্কুলে যাতায়াত, খাতা কলম, খাওয়া-দাওয়া ইত্যাদির সমস্যা সৃষ্টি হয়েছে। স্কুলের কিংবা বাড়ির পরিবেশ এখন আর শিক্ষার জন্য উপযুক্ত নয়। এ অবস্থা চললে শিক্ষার মান ক্রমান্বয়ে খারাপের দিকে যাবে। আমরা শিক্ষার মান ধরে রাখার জন্য সাধ্য মতো চেষ্টা করছি। তবে বাঁধ না হলে এবং পরিবারগুলো বাড়ি ফিরতে না পারলে এ সমস্যার সমাধান অসম্ভব।’দাকোপ উপজেলা চেয়ারম্যান শেখ আবুল হোসেন প্রথম আলোকে বলেন, ‘এই অঞ্চলের অনেক শিক্ষার্থী এখন বিদ্যালয় ছাড়া। আমরা অভিভাবকদের সঙ্গে কথা বলে ছেলেমেয়েদের বিদ্যালয়মুখী করার চেষ্টা করছি। স্কুলের পাঠের সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে পারলে এবং শিক্ষার্থীদের কর্মক্ষেত্র থেকে দূরে রাখতে পারলে দাকোপের শিক্ষার মান আরও উন্নত হতো।’খুলনা-১ (দাকোপ-বটিয়াঘাটা) আসনের সাংসদ ননী গোপাল মণ্ডল প্রথম আলোকে বলেন, ‘আইলা বিধ্বস্ত এলাকার ছাত্র-ছাত্রীরা খুবই কষ্টে আছে। অনেক স্কুল ভেঙে গেছে, এখনো সে সব স্কুল ভালোভাবে নির্মাণ করা হয়নি। স্কুল ভবনগুলো যাতে পুনর্নির্মাণ করা যায়, আমাদের সরকার সে জন্য চেষ্টা করে যাচ্ছে।’