দাগনভূঞায় মেয়েকে কুপিয়ে ও শ্বাসরোধে হত্যা, মা গ্রেপ্তার
ফেনীর দাগনভূঞা উপজেলায় গতকাল বৃহস্পতিবার শিশুকন্যাকে কুপিয়ে ও শ্বাসরোধে হত্যা করেছেন মা। ওই শিশুর নাম ইকরা (৬)। পুলিশ মা আমেনা খাতুনকে (৩২) গ্রেপ্তার করেছে। কিছুদিন ধরে তিনি মানসিকভাবে অসুস্থ বলে পরিবারের সদস্যরা দাবি করছে।পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, আমেনার শ্বশুরবাড়ি নোয়াখালীর সেনবাগ উপজেলার ইয়ারপুর গ্রামে। তাঁর স্বামী পারভেজ উল্লাহ সৌদিপ্রবাসী। তিনি প্রায় পাঁচ বছর ধরে সৌদি আরব আছেন। আমেনার বাবার বাড়ি দাগনভূঞার পূর্বচন্দ্রপুর ইউনিয়নের দরাবপুর গ্রামে। তবে তিনি কিছুদিন আগে বাবার বাড়ি না গিয়ে মেয়ে ইকরাকে নিয়ে নানার বাড়ি দাগনভূঞার মোমারিজপুর গ্রামে বেড়াতে যান।পরিবারের সদস্যরা জানান, গতকাল দুপুরে নানার বাড়িতে আমেনা প্রথমে ইকরাকে দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত করে। পরে ঘর থেকে বালিশ নিয়ে তাকে বালিশচাপা দিয়ে শ্বাসরোধ করে হত্যা করে। বিষয়টি জানাজানির পর গ্রামের লোকজন দাগনভূঞা থানায় খবর দেয়। পুলিশ বাড়িতে গিয়ে লাশ উদ্ধার ও মা আমেনাকে গ্রেপ্তার করে।পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমেনা মেয়ে ইকরাকে কুপিয়ে ও শ্বাসরোধ করে হত্যার কথা স্বীকার করেন। তাঁকে বৃহস্পতিবারই বিচারিক হাকিমের আদালতে হাজির করা হয়। আদালত তাঁকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। আমেনার মামা মো. মহিউদ্দিন জানান, আমেনা কিছুদিন ধরে মানসিকভাবে অসুস্থ ছিল।দাগনভূঞা থানার উপপরিদর্শক (এসআই) আনিছুর রহমান বলেন, এ ঘটনায় আমেনার মামা মহি উদ্দিন বাদী হয়ে দাগনভূঞা থানায় হত্যা মামলা করেন। মেয়েকে হত্যার দায়ে আমেনাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।