২০০৮ সালে পঞ্চগড়ের তেঁতুলিয়া গিয়ে দুটি পাখি একসঙ্গে দেখা হয়। আখখেতের ভেতর থেকে বেরিয়ে খোলা একটা জায়গায় গমের দানা খাচ্ছিল পাখি দুটি। খুবই চুপি চুপি আমি নিজেকে আখ পাতার আড়ালে রেখে দাঁড়িয়ে এ দৃশ্য দেখছিলাম। পাখি দুটি অনেক ছোট আর পালকের রং শুকনো ঘাস-পাতার সঙ্গে মিশে একাকার। তাই খুব সহজে এরা চোখে পড়ে না। আর যদি এই পাখির চোখে আপনি পড়ে যান, নিমেষেই দ্রুত দৌড়ে পালাবে ঝোপের আড়ালে। কখনো আবার মানুষ দেখলে এরা ঘাসের ভেতর এমনভাবে বসে থাকে যে চোখে দুরবিন লাগিয়েও দেখা যায় না। আবার মানুষের উপস্থিতি টের পেলে কিংবা লুকানোর কোনো জায়গা না পেলে উড়ে গিয়ে পড়ে কোনো ঝোপের ভেতর। এরপর আরও তিনবার তেঁতুলিয়া গিয়ে এ পাখির দেখা পেয়েছি একবার। তবে ছবি তোলা যায়নি। এটি বাংলাদেশের বিরল প্রজাতির স্থায়ী পাখি। অঞ্চলভেদে নানান নামে পরিচিত। যেমন: বটই, বুনোকয়েল, বটেরা। সম্প্রতি তেঁতুলিয়া গিয়ে ভারত সীমান্তবর্তী একটি মাঠে একেবারে দিনের শেষ বেলায় একজোড়া দাগি নাটাবটের (Turnix suscitator) পাখির দেখা পেলাম। পাখি দুটি একটি তৃণ-আচ্ছাদিত জমিতে চরে বেড়াচ্ছিল। আমার উপস্থিতি টের পেয়ে দ্রুত দৌড়ে পালিয়ে যাচ্ছিল। এ জন্য ওরা সময় নিল আট সেকেন্ড। কিছু ছবিও তুলে ফেললাম ওদের পিছু নিয়ে।দাগি নাটাবটের ছোট ভূচর পাখি। মেয়ে পাখি ছেলে পাখির চেয়ে বেশি রঙিন, ছেলে পাখির পিঠ লালচে বাদামি ও কালো, ডানা পালক ঢাকনিতে খাড়া। থুঁতনি ও গলা সাদাটে, বুক ও ঘাড়ের পাশে পীতাভ ও কালো ডোরা থাকে। মেয়ে পাখির থুঁতনি, গলা ও বুকের ঠিক মাঝখানে কালচে, বুকের পাশ ও তলদেশে কালো ও পীতাভ ডোরা থাকে। উভয় পাখির চোখ সাদা বা হলদে। পা ও পায়ের পাতা সিসার মতো ধূসর। ঝোপ, জঙ্গল, তৃণভূমি ও বনে এরা খুব সকাল ও শেষ বিকেলে বিচরণ করে। দলে এরা জোড়ায় থাকে। এরা মাটিতে হেঁটে ঝরা পাতা উল্টে খাবার খুঁজে খায়। সাধারণত একই জায়গায় দিনের পর দিন খাবার খেতে আসে। খাবারের তালিকায় আছে শস্যদানা, বুনোবীজ, উই পোকা, পিঁপড়া। প্রজনন সময়ে ঘাস দিয়ে ছোট করে মাটিতে ঝোপের কাছে বাসা করে ডিম দেয়। ডিম পাড়ে চার-পাঁচটি। ডিমের রং ধূসর সাদা, তাতে লালচে বা কালচে বেগুনি আঁচ থাকে। ডিম থেকে ছানা ফুটতে ১২ দিন সময় লাগে। ছানারা এক ঘণ্টার ভেতরই বড় পাখির সঙ্গে বেরিয়ে পড়ে বাসা থেকে। এ পাখির ইংরেজি নাম Barred Buttonquail। দেশের উত্তরবঙ্গের জেলাগুলোতে এ পাখির দেখা মেলে বেশি। আমাদের দেশে তিন প্রজাতির নাটাবটের পাখির একটি প্রজাতি (ছোট নাটাবটের) বিলুপ্ত হয়ে গেছে। আর একটি প্রজাতি (হলদে পা নাটাবটের) বাংলাদেশের বিরল আবাসিক পাখি। ঢাকা ও সিলেট বিভাগে এ পাখি দেখা গেছে। উনিশ শতকে পাখিটি চট্টগ্রাম বিভাগে ছিল।