দাঙ্গা আক্রান্ত আসামে মনমোহন
আসামের কোকড়াঝাড় এলাকায় দাঙ্গার কারণ খুঁজে বের করে সমাধানের উদ্যোগ নেওয়া হবে। আজ শনিবার আসামের দাঙ্গার কেন্দ্রস্থল কোকড়াঝাড় জেলা সফরের সময় ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং ক্ষতিগ্রস্ত মানুষদের একথা বলেন। পিটিআইয়ের এক খবরে বলা হয়, সেসময় প্রধানমন্ত্রী ৩০০ কোটি রুপির ত্রাণ বণ্টনের আশ্বাসও দেন। গত দেড় সপ্তাহ ধরে চলা দাঙ্গায় সরকারি হিসাব মতে ৫০ জনের কিছু বেশি মানুষ নিহত হয়েছেন।ত্রাণ শিবিরে আশ্রয় নেওয়া মানুষদের উদ্দেশ্য করে মনমোহন বলেন, ‘এই দুঃখজনক ঘটনার যথাযথ তদন্ত হবে। সংঘাতের কারণ খুঁজে বের করা হবে। দায়ীদের শাস্তির ব্যবস্থা করা হবে।’ তিনি আরও বলেন, ‘আপনাদের দুঃখ ও যন্ত্রণা ভাগাভাগি করতে এসেছি আমি। এখন সময় দুঃখ কাটিয়ে ওঠার। ক্ষতিগ্রস্তদের সহায়তা করতে সম্ভাব্য সবকিছু করবে সরকার।’৩০০ কোটি রুপির ত্রাণের বাইরেও সরকার দাঙ্গায় নিহত প্রতিটি পরিবারের জন্য ২ লাখ এবং মারাত্মক জখম পেয়েছেন এমন ব্যক্তিদের প্রতিটি পরিবারকে ৫০ হাজার রুপি করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। যাদের বাড়ি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে তাদের পরিবারকে দেওয়া হবে ৩০ হাজার রুপি এবং আংশিক ক্ষতিগ্রস্তদের দেওয়া হবে ২০ হাজার রুপি।এদিকে আসামের মুখ্যমন্ত্রী তরুণ গগৈ আজ এক বক্তব্যে সেনা মোতায়েনে ধীরগতির জন্য কেন্দ্রের তীব্র সমালোচনা করেছেন। তিনি কেন্দ্রের কাছে গোয়েন্দা সূত্রের অভাব এবং জরুরি ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে আমলাতান্ত্রিক দীর্ঘসূত্রিতারও প্রতিবাদ করেন। তিনি বলেন, দ্রুত পদক্ষেপ নিতে পারলে হয়তো অনেক মানুষের জীবন বাঁচানো যেত।স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন শীর্ষ কর্মকর্তা বলেন, এখন পর্যন্ত সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্সের (সিএপিএফ) ৭৩টি কোম্পানিকে কোকড়াঝাড়, চিরাং এবং ধুবড়ি জেলায় মোতায়েন করা হয়েছে। আশপাশের রাজ্যগুলো থেকে আধা-সামরিক বাহিনীর সদস্যদেরও সেখানে পাঠানো হয়।রাজ্য সরকারকে সিএপিএফ’র আরও ১১ হাজার সদস্যকে দাঙ্গা আক্রান্ত এলাকাগুলোতে মোতায়েন করার অনুমতি দিয়েছে কেন্দ্রীয় সরকার। ঔষধ ও চিকিত্সা সামগ্রীসহ একটি বিমানও পাঠানো হয়েছে।স্বরাষ্ট্র সচিব আর কে সিং দ্য হিন্দুকে বলেন, ‘জাতীয় দুর্যোগ প্রতিরক্ষা বাহিনীর কয়েকটি বিশেষজ্ঞ দল খাবার পানি এবং জনস্বাস্থ্য সমস্যার সমাধান করতে ওই বিমানের সাথে গেছেন।