দাঙ্গা থামাতে ১০টি টিভি চ্যানেল বন্ধ করে দিয়েছে ইরাক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইরাকে এক সপ্তাহ ধরে চলা দাঙ্গা থামাতে দেশটির সরকার আজ রোববার ১০টি টিভি চ্যানেলের লাইসেন্স বাতিল করেছে। আল জাজিরা জানায়, দেশটির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা গণমাধ্যমকে জানান, এসব চ্যানেল সংঘর্ষ ও সাম্প্রদায়িক সংঘাত বাড়িয়ে তুলছিল।ইরাকের যোগাযোগ ও গণমাধ্যম কমিশনের কর্মকর্তা মুজাহিদ আবু আল হাইল বলেন, ‘বক্তব্যের মধ্য দিয়ে সংঘর্ষ ও সাম্প্রদায়িক সংঘাতকে উত্সাহিত করছিল, এমন কিছু স্যাটেলাইট চ্যানেলের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত নিয়েছি আমরা।’ তিনি বলেন, ‘এর অর্থ হলো, ইরাকে তাদের সব কর্মকাণ্ড বন্ধ করা, যাতে তারা ঘুরে ঘুরে ইরাকের ঘটনাগুলো প্রচার করতে না পারে।’যোগাযোগ ও গণমাধ্যম কমিশন জানায়, তাদের কাছে মনে হয়েছে, বাগদাদ, আল শরকিয়া, আল শরকিয়া নিউজ, ব্যাবিলোনিয়ান, সালাহ আল দিন, আনোয়ার ২, আল তাঘির, ফাল্লুজা, আল জাজিরা ও আল গরবিয়ার মতো টিভি চ্যানেলগুলো ভাষা ও সম্প্রচার কাজের মধ্যদিয়ে ‘জনমুখী ও গণতান্ত্রিক প্রক্রিয়াকে নস্যাতের জন্য উস্কানিমূলক, দিকভ্রান্তকারী ও রংচড়ানো’ খবর প্রচার করছে। আল জাজিরা এক বিবৃতিতে বলেছে, ‘এ ধরনের পদক্ষেপে আমরা বিস্মিত। আমরা ইরাকের যেকোনো ঘটনার সবগুলো দিক প্রচার করেছি এবং দীর্ঘদিন ধরে তা করে আসছি। এতগুলো চ্যানেলের ওপর এ ধরনের হামলায় এটাই প্রমাণিত হয়, এটি একটি নির্বিচার সিদ্ধান্ত। ... আমরা কর্তৃপক্ষকে অনুরোধ করছি, ইরাকে যা ঘটছে তার প্রতিবেদন প্রচারে স্বাধীনতা নিশ্চিত করা হোক।’গত সপ্তাহের মঙ্গলবারে ইরাকের উত্তরাঞ্চলে নিরাপত্তা বাহিনী ও সুন্নি আরবদের মধ্যে সংঘাত শুরু হয়। এরপর তা সারা দেশে ছড়িয়ে পড়লে সোয়া দুই শতাধিক মানুষ প্রাণ হারায়। প্রতিবাদকারীদের প্রধান দাবি ছিল, প্রধানমন্ত্রী নুরি আল মালিকির পদত্যাগ। এ ছাড়া সুন্নি সম্প্রদায়ের ওপর কর্তৃপক্ষের নির্যাতন ও নিপীড়নের প্রতিবাদও জানায় তারা।