দাঙ্গা মামলার রায়ে বিপাকে মোদি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের গুজরাটে ২০০২ সালে হিন্দু-মুসলিম দাঙ্গা চলাকালে আহমেদাবাদ শহরের নারোদা পাতিয়া এলাকায় গণহত্যার ঘটনায় করা মামলার রায়ে হুমকির মুখে পড়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী ও ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতা নরেন্দ্র মোদির রাজনৈতিক ভবিষ্যত্। দেশটির একটি আদালত গতকাল বুধবার ওই মামলায় ৩২ জনকে দোষী সাব্যস্ত করেন এবং ২৯ জনকে খালাস দেওয়ার আদেশ দেন। দোষী সাব্যস্ত হওয়া ব্যক্তিদের মধ্যে গুজরাট রাজ্যের বিজেপির সাবেক মন্ত্রী মায়া কোদনানি ও কট্টর হিন্দুগোষ্ঠী বজরং দলের সাবেক নেতা বাবু বজরং রয়েছেন। দোষী ব্যক্তিদের সাজা পরে ঘোষণা করা হবে। অপরাধের সাজা হিসেবে তাঁদের মৃত্যুদণ্ড হতে পারে। রয়টার্স ও দ্য টাইমস অব ইন্ডিয়ার খবরে এ কথা জানানো হয়।দাঙ্গার পাঁচ বছর পর মায়া কোদনানি বিজেপি থেকে রাজ্য সরকারের মহিলা ও শিশু উন্নয়নবিষয়ক প্রতিমন্ত্রী হন। দাঙ্গা মামলায় তাঁকে ২০০৯ সালে গ্রেপ্তার করা হয়। তখন তিনি মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করেন। তবে রাজ্যসভায় তাঁর সদস্যপদ বহাল থাকে। এ মামলার রায় এমন সময় ঘোষণা করা হলো, যখন গুজরাটে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। ক্ষমতাসীন কংগ্রেস ইঙ্গিত দিয়েছে, গুজরাটে তাদের নির্বাচনী প্রচারে এই মামলার রায় গুরুত্ব পাবে। তারা বলেছে, কোদনানির দণ্ড এটাই প্রমাণ করে যে ওই দাঙ্গায় বিজেপি জড়িত ছিল।বিজেপি বলেছে, রাজ্যের বিচারব্যবস্থা যে স্বাধীন, আদালতের এ রায়ই এর প্রমাণ। তা ছাড়া দাঙ্গার সময় কোদনানি প্রতিমন্ত্রী ছিলেন না। বরং গ্রেপ্তার হওয়ার পর তিনি পদত্যাগ করেন।এ রায়ে বিপদে পড়েছেন গুজরাটের তত্কালীন মুখ্যমন্ত্রী ও বিজেপির নেতা নরেন্দ্র মোদি। দাঙ্গা দমনে গুজরাট সরকার যথেষ্ট তত্পর ছিল না বলে অভিযোগ রয়েছে। তিনি বরাবরই এই অভিযোগ অস্বীকার করে আসছেন। ২০০৮ সালের তদন্তে অভিযোগপত্র থেকে তাঁর নাম বাদ দেওয়া হয়। বিজেপির বেশ কজন জ্যেষ্ঠ সদস্য এ রায়ের পর দল ও মোদির ভবিষ্যত্ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তাঁরা বলেছেন, এ রায় ২০১৪ সালের জাতীয় নির্বাচনে প্রভাব ফেলতে পারে। বিজেপি ক্ষমতায় গেলে নরেন্দ্র মোদি ওই সরকারের প্রধানমন্ত্রী হতে পারেন বলে ধারণা করা হয়। গতকাল বুধবার ‘ওয়াল স্ট্রিট জার্নাল’-এ প্রকাশিত এক সাক্ষাত্কারে মোদি বলেন, ‘ওই ঘটনার জন্য ক্ষমা প্রার্থনার কোনো কারণ নেই। একজন যখন কোনো অপরাধে দোষী প্রমাণিত হবেন, তখনই ক্ষমা চাওয়ার প্রশ্ন আসে।’ ২০০২ সালে ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনায় ৬০ জন হিন্দু তীর্থযাত্রী নিহত হন। এ ঘটনার জের ধরে রাজ্যজুড়ে হিন্দু-মুসলিম দাঙ্গা ছড়িয়ে পড়ে। এতে অন্তত এক হাজার মানুষ নিহত হয়। তাদের অধিকাংশই ছিল মুসলিম। রাজ্যের আহমেদাবাদ শহরের নারোদা পাতিয়া এলাকায় ২৮ ফেব্রুয়ারি দাঙ্গায় অন্তত ৯৫ জন নিহত হয়। দোষী সাব্যস্ত হওয়া ব্যক্তিরা সরাসরি হত্যাযজ্ঞে বা ষড়যন্ত্রে জড়িত ছিলেন বলে প্রমাণ পেয়েছেন আদালত। ২০০৯ সালের আগস্টে এই মামলার শুনানি শুরু হয়। প্রাথমিকভাবে ৬২ জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়। শুনানি চলাকালে এক আসামির মৃত্যু হয়।ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে গুজরাট সরকার ২০০৮ সালে একটি কমিশন গঠন করে। তদন্ত শেষে কমিশন নিশ্চিত হয়, এই ঘটনার পেছনে ষড়যন্ত্র ছিল।