দাঙ্গার দায়ে সাজা পেল ৩ মিয়ানমারীয় মুসলমান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিয়ানমারে সম্প্রতি মুসলিমবিরোধী দাঙ্গায় সম্পৃক্ততার দায়ে দেশটির এক আদালত গতকাল বৃহস্পতিবার এক মুসলমান স্বর্ণ ব্যবসায়ী, তাঁর স্ত্রী ও এক কর্মচারীকে কারাদণ্ড দিয়েছেন। আদালত বলছেন, ওই স্বর্ণ ব্যবসায়ীর দোকানে শুরু হওয়া ঝগড়া থেকে দেশজুড়ে দাঙ্গা ছড়িয়ে পড়ে। গত মাসের ওই দাঙ্গায় ৪৩ জন প্রাণ হারায়।রাষ্ট্রায়ত্ত সংবাদপত্র ‘কেইমন’-এর বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, দোকানদার তুন তুনও, তাঁর স্ত্রী মিন্ত মিন্ত আয়ি ও কর্মচারী নেই নেইকে ১৪ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। তাঁদের বিরুদ্ধে হামলা ও চুরির অভিযোগ আনা হয়। প্রকাশিত সংবাদে বলা হয়, এক ক্রেতার সঙ্গে ওই ব্যবসায়ীর ঝগড়া দেশজোড়া দাঙ্গার কারণ। সংবাদপত্রটিতে আজ শুক্রবার প্রকাশিত খবরে বলা হয়, ‘মেখতিলায় দাঙ্গার জন্য ওই ঘটনাটিই দায়ী।’কয়েক বছর ধরে ধর্মীয় ও সাম্প্রদায়িক দাঙ্গার কারণে দেশটির অর্থনৈতিক ও রাজনৈতিক সংস্কার হুমকির মুখে পড়েছে। দীর্ঘ সামরিক শাসনে থাকা মিয়ানমারে যখন বহুদলীয় গণতান্ত্রিক চর্চা শুরু হতে চলেছে, তখন এসব দাঙ্গা দেশটির বিকাশের পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।মতপ্রকাশের স্বাধীনতায় জটিলতাসম্প্রতি দেশটির সরকার মতপ্রকাশের স্বাধীনতা ঘোষণা করেছে এবং গত সপ্তাহে দেশটিতে বেসরকারি পত্রপত্রিকা প্রকাশিত হতে শুরু করেছে। তবে জনগণের জন্য যে স্বাধীনতা নিশ্চিত করা হচ্ছে, তা ইতিমধ্যে জটিলতা তৈরি করেছে। দেশটিতে অনেক বৌদ্ধ ভিক্ষু মুসলিমবিরোধী ভাষণ রেকর্ড করে ডিভিডি মারফত পুরো দেশে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছেন। এসব বক্তব্য ধর্মীয় উন্মাদনা তৈরি করে দাঙ্গা বাধাতে ভূমিকা রাখছে বলে বিশেষজ্ঞদের ধারণা।প্রত্যক্ষদর্শীরা বলেন, মেখতিলার দাঙ্গার সময় কয়েকজন ভিক্ষু একদল মানুষকে নেতৃত্ব দিয়েছেন।গত ২১ মার্চ প্রত্যক্ষদর্শীরা রয়টার্সকে জানিয়েছিলেন, ব্যবসায়ী তুন তুনও এক বৌদ্ধ নারীর মুখে চড় মারেন। ওই নারীর অভিযোগ ছিল, তিনি দোকানে যে চুলের কাঁটাটি বিক্রির জন্য এনেছিলেন, দোকানের কর্মচারীটি সেটি নষ্ট করে ফেলেছেন। দোকানদারসহ তিন ব্যক্তি ওই নারীর স্বামীকে দোকানের বাইরে টেনে নিয়ে যান এবং সেখানে তাঁকে পেটান। এরপর কিছুক্ষণের মধ্যে আশপাশে অনেক বৌদ্ধ জড়ো হয়। তারা মুসলিমবিরোধী স্লোগান দিতে থাকে এবং পাথর ছুড়তে থাকে। সেদিনই চারজন মুসলমান এক বৌদ্ধ ভিক্ষুকে খুন করে। এরপরই বৌদ্ধরা মুসলমানদের ওপরে ঝাঁপিয়ে পড়ে।তিন দিন দাঙ্গা চলার পর সরকার জরুরি অবস্থা জারি করে। এ সময় কমপক্ষে ৪৩ জন প্রাণ হারায়, আহত হয় ৮৬ জন এবং প্রায় ১৩ হাজার মুসলমান উদ্বাস্তু হয়ে পড়ে। মুসলমানদের বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠান জ্বালিয়ে দেওয়া হয়। এরপর ওই এলাকার বাইরে, শহরে ও গ্রামে দাঙ্গা ছড়িয়ে পড়ে।সরকারি গণমাধ্যমে বলা হয়েছে, দাঙ্গার পর পুলিশ ৬০ জনেরও বেশি মানুষকে আটক করেছে। বৃহস্পতিবারের রায়ের মধ্য দিয়ে দাঙ্গায় অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলোর রায় দেওয়া শুরু হলো। তবে প্রাদেশিক রাজধানী মান্দালেই থেকে এক আইনজীবী জানিয়েছেন, যাঁদের আটক করা হয়েছিল, তাঁদের অনেককে জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেওয়া হয়েছে।নাম প্রকাশে অনিচ্ছুক ওই আইনজীবী আরও বলেন, এখনো প্রায় ৫০ জন আটক রয়েছেন। তাঁদের মধ্যে দুই-তিনজন ভিক্ষুও আছেন। আটক ব্যক্তিদের বিরুদ্ধে খুন, অগ্নিসংযোগ ও চুরির অভিযোগে ২১টি মামলা দায়ের করা হয়েছে।