দাতাদের কারণে পিছিয়ে গেছে পদ্মা সেতুর কাজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্নীতির কারণে বাংলাদেশ সম্পর্কে বিশ্বব্যাপী খারাপ ধারণা রয়েছে বলে স্বীকার করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। অর্থমন্ত্রী বলেন, ‘বিশ্বদরবারে বাংলাদেশের শীর্ষ দুর্নীতিগ্রস্ত দেশ হিসেবে পরিচিতি রয়েছে। এ থেকে বেরিয়ে আসতে পারছি না। যেকোনো উন্নয়নমূলক কাজে বিদেশি সহায়তার ক্ষেত্রে দুর্নীতিই সবচেয়ে বড় বাধা।’বিশ্বব্যাংক ও এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) মতদ্বৈধতার কারণে পদ্মা সেতুর নির্মাণকাজ পিছিয়ে যাচ্ছে বলেও জানান অর্থমন্ত্রী। তবে এ ক্ষেত্রে সরকারের দিক থেকে কোনো সমস্যা নেই বলে উল্লেখ করেন তিনি। গতকাল শনিবার সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত তামেশু সিনোসুকার সঙ্গে অনুষ্ঠিত বিদায়ী সাক্ষা ৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এসব কথা বলেন।অর্থমন্ত্রী বলেন, পদ্মা সেতু নির্মাণে অর্থায়ন করা দুটি সংস্থার মধ্যে কয়েক মাস ধরেই টানাপোড়েন চলছে। ঠিক কী কারণে তাদের এই সমস্যা, তা এখনো জানা যায়নি। এ বিষয়ে অর্থমন্ত্রী আরও বলেন, ‘কয়েক দিন আগে জানতে পেরেছি, বিশ্বব্যাংক ও এডিবি পদ্মা সেতুর দরপত্র আহ্বান করা কয়েকটি প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করেছে। এটি তারা করেছে তাদের স্ব স্ব নীতিমালা অনুযায়ী।’ মুহিত বলেন, দাতা সংস্থাগুলোর মধ্যে সমন্বয়হীনতা আছে। বিশ্বব্যাংক ও এডিবির কালো তালিকা দুই রকম। বিশ্বব্যাংক যাদের কালো তালিকাভুক্ত করেছে, এডিবি সেসব দরদাতা প্রতিষ্ঠানকে কাজ দিতে কোনো সমস্যা দেখছে না। আবার এডিবি যাদের কালো তালিকাভুক্ত করেছে, বিশ্বব্যাংকের দৃষ্টিকোণ থেকে সেসব প্রতিষ্ঠান কাজ পাওয়ার যোগ্য। এমন পরিস্থিতি সৃষ্টি হওয়ায় দরপত্র আহ্বান করতে পারছে না সরকার।পদ্মা সেতুর কাজ শুরু করতে সরকারের ভেতরে কোনো সমস্যা না থাকার কথা জানিয়ে অর্থমন্ত্রী বলেন, দাতাদের সমস্যা নিরসনে আজ রোববার বিশ্বব্যাংকের সঙ্গে সচিবালয়ে বৈঠক রয়েছে। অর্থমন্ত্রী বলেন, ‘আমি সব সময় একটু বেশিই আশাবাদী। মনে হচ্ছে, আগামী অক্টোবরের মধ্যে দুই সংস্থার বিরাজমান সমস্যার সমাধান হবে। আর আগামী তিন মাসের মধ্যে দরদাতা প্রতিষ্ঠানগুলোর প্রাক-যোগ্যতা যাচাই শেষে দরপত্র প্রক্রিয়াও শেষ হবে। আর সেতু নির্মাণের কাজ শুরু হবে আগামী বছরের প্রথম দিকে।’ পদ্মা সেতুর কাজ শুরু হতে কেন দেরি হচ্ছে—এ প্রশ্নের জবাবে মুহিত বলেন, তারা (বিশ্বব্যাংক) কোনো অভিযোগ পেলেই খতিয়ে দেখে। এ জন্য দেরি হচ্ছে। জানা গেছে, পদ্মা সেতু প্রকল্পে প্রধান ঋণদাতা বিশ্বব্যাংকের অর্থায়নকে কেন্দ্র করে এসএনসি-লাভালিন গ্রুপ নামের এক প্রতিষ্ঠানের কর্মীদের সম্ভাব্য দুর্নীতি তদন্ত করছে কানাডা।অবশ্য দেরি হওয়ার ভালো দিক রয়েছে বলে মনে করেন অর্থমন্ত্রী। তিনি বলেন, এখন পুনর্বাসনের কাজটা চলছে। আর ইসলামি উন্নয়ন ব্যাংকের (আইডিবি) অর্থায়নে সংযোগ সড়ক নির্মাণের চুক্তিটি এক মাসের মধ্যেই হয়ে যাবে। তামেশু সিনোসুকা বলেন, এ দেশে দায়িত্ব পালনকালে ভালো ধারণা তৈরি হয়েছে। দেশে ফিরে তিনি নিজ দেশের সরকারের কাছে বাংলাদেশে আরও বেশি বিনিয়োগের অনুরোধ জানাবেন।