আইনি লড়াইয়ে হেরে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস তাঁর ব্যক্তিগত সম্পর্কের সূত্রে বৃহত্ শক্তি ও দাতাগোষ্ঠীকে দিয়ে বাংলাদেশের ওপর নানা চাপ দিচ্ছেন বলে অভিযোগ করেছেন ৫১ জন বিশিষ্ট নাগরিক। এই চাপ প্রয়োগ বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের শামিল, যা স্বাধীন দেশের নাগরিকদের পক্ষে মেনে নেওয়া সম্ভব নয় বলেও জানিয়েছেন তাঁরা।আজ শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দেশের এই বিশিষ্ট নাগরিকেরা গণমাধ্যমে ড. মুহাম্মদ ইউনূসের দেওয়া এক বিবৃতির বিষয়ে উদ্বেগ প্রকাশ করে এসব বলেছেন। খবর বাসসের। বিশিষ্ট নাগরিকেরা তাঁদের প্রতিক্রিয়ায় বলেন, গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের নিয়োগ-প্রক্রিয়া নিয়ে বর্তমান সরকার ও মুহাম্মদ ইউনূসের মধ্যে একটি মতপার্থক্য রয়েছে। বাংলাদেশ ব্যাংক সরকারি চাকরির বিধিমালা অনুযায়ী বয়সসীমা অতিক্রম করায় ড. ইউনূসকে গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে অব্যাহতি দেয়। এ ঘটনায় তিনি মামলা করেন এবং বাংলাদেশের সর্বোচ্চ আদালত সরকারের সিদ্ধান্তকে আইনানুগ বলে রায় দেন। এতে বিষয়টির একটি আইনি মীমাংসা হয়। অতি সম্প্রতি সরকার গ্রামীণ ব্যাংকের অধ্যাদেশে তৃতীয়বারের মতো যে সংশোধনী এনেছে, তা নিয়ে যে কেউ ভিন্নমত পোষণ করতেই পারেন। ওই নাগরিকেরা আরও বলেন, ‘আমরা আরও লক্ষ করছি যে, ড. ইউনূস এক বিবৃতিতে নতুন সরকার এসে এই অধ্যাদেশ পরিবর্তন করে গ্রামীণ ব্যাংককে পুর্বব্যবস্থায় প্রতিষ্ঠিত করবে বলে দেশবাসী বিশেষ করে তরুণসমাজকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন। আমরা জানি, বিগত তত্ত্বাবধায়ক সরকারের জরুরি অবস্থার সময় যখন দুই নেত্রীকে গ্রেপ্তার করে ‘মাইনাস টু ফর্মুলা’ বাস্তবায়নের ষড়যন্ত্র করা হয়েছিল, সে সময় ড. ইউনূস একটি নতুন রাজনৈতিক দল গঠন করেছিলেন। বর্তমানে দেশে একটি নির্বাচিত সরকার বহাল থাকা অবস্থায় তিনি নতুন সরকার বলতে কী বোঝাতে চেয়েছেন, তা স্পষ্ট করেননি।’অতীতের মতো অসাংবিধানিক প্রক্রিয়ায় গণতন্ত্রকে বাধাগ্রস্ত করার যেকোনো ষড়যন্ত্র সম্পর্কে দেশবাসীকে সজাগ ও ঐক্যবদ্ধ থাকার জন্য বিবৃতিতে আহ্বান জানান তাঁরা ।বিবৃতিদাতা বিশিষ্ট নাগরিকেরা হলেন, অধ্যাপক জিল্লুর রহমান সিদ্দিকী, শিল্পী কাইয়ুম চৌধুরী, লেখক সৈয়দ শামসুল হক, শিল্পী হাশেম খান, গবেষক শামসুজ্জামান খান, কামাল লোহানী, বিচারপতি (অব.) মেজবাহ উদ্দিন আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আনোয়ার হোসেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রাণ গোপাল দত্ত, অর্থনীতিবিদ আবুল বারাকাত, অধ্যাপক আবদুল খালেক, অধ্যাপক নজরুল ইসলাম, কবি বেলাল চৌধুরী, নাট্যব্যক্তিত্ব রামেন্দু মজুমদার, মামুনুর রশীদ, লেখিকা সেলিনা হোসেন, কবি নির্মলেন্দু গুণ, কবি মহাদেব সাহা, হারুন-অর-রশিদ, অধ্যাপক খন্দকার বজলুল হক, স্থপতি রবিউল হুসাইন, সুরকার সুজেয় শ্যাম, সাংবাদিক ইকবাল সোবহান চৌধুরী, নির্মাতা নাসির উদ্দীন ইউসুফ, লেখক-সাংবাদিক শাহরিয়ার কবির, ফেরদৌসী প্রিয়ভাষিণী, মুহাম্মদ সামাদ, শহীদজায়া শ্যামলী নাসরীন চৌধুরী প্রমুখ।