পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতিসহ নানা বিষয়ে সরকার এখন দাতাদের মুখোমুখি হতে চাইছে না
দাতাদের বৈঠক হচ্ছে না
সরকারের সঙ্গে দাতাদের বৈঠক হচ্ছে না। পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতিসহ শাসন পরিচালনার নানা বিষয়ে দাতাদের সঙ্গে টানাপোড়েন চলছে। ফলে বাংলাদেশের কারণেই বৈঠকটি এ বছর আর অনুষ্ঠিত হবে না।এদিকে, বিশ্বব্যাংকের ১০০ কোটি ডলার বাজেট-সহায়তা এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বর্ধিত ঋণসুবিধার ১০০ কোটি ডলার পাওয়া নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা। এসব কারণে সরকার এখন দাতাদের মুখোমুখি হতে চাইছে না বলে জানা গেছে।আগামী ২ ও ৩ নভেম্বর ঢাকায় উন্নয়ন ফোরামের (বিডিএফ) এই বৈঠকটি হওয়ার কথা ছিল। এ জন্য সব ধরনের প্রস্তুতিও নেয় দাতারা। কিন্তু গত বৃহস্পতিবার আকস্মিক বৈঠকটি বাতিল হয়ে যায়। আগামী ফেব্রুয়ারিতে বৈঠকটি হতে পারে বলে বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয়েছে।বাংলাদেশকে সহায়তা দেওয়া সব দাতা দেশ ও সংস্থার প্রতিনিধিদের প্রতিবছর বিডিএফের বৈঠক হয়ে থাকে। ২০১০ সালের ফেব্রুয়ারি মাসে সর্বশেষ বৈঠকটি হয়েছিল। ওই বৈঠকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) ক্ষমতা খর্ব, বিচারবহির্ভূত হত্যাকাণ্ডসহ বিভিন্ন বিষয়ে সমালোচনার মুখে পড়েছিল বাংলাদেশ।অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, কোরবানির ঈদসহ নানা কারণে সরকারের সংশ্লিষ্ট কর্মকর্তারা ব্যস্ত থাকবেন। এ কারণেই বৈঠকটি পিছিয়ে দেওয়া হয়েছে। তবে ইআরডির অন্য সূত্রগুলো জানায়, দুর্নীতিসহ বিভিন্ন বিষয়ে সরকার এখন দাতা-প্রতিনিধিদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত নয়। এ কারণেই সরকারের অনুরোধে বৈঠকটি পিছিয়ে দেওয়া হয়েছে।বিশ্বব্যাংক পদ্মা সেতু প্রকল্প নিয়ে দুর্নীতির অভিযোগ তুলেছে। সরকারের কাছে যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেনের দুর্নীতির বিবরণ দিয়ে তারা একটি তদন্ত প্রতিবেদনও জমা দিয়েছে। এই অভিযোগের সুরাহা না হলে পদ্মা সেতুতে অর্থ ছাড় দেওয়া বন্ধ থাকবে বলে বিশ্বব্যাংক জানিয়ে দিয়েছে। বিশ্বব্যাংক অর্থ ছাড় বন্ধ করলে পদ্মা সেতু প্রকল্পে জাপান, এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ও ইসলামি উন্নয়ন ব্যাংকও (আইডিবি) অর্থ দেবে না। এ অবস্থায় দাতাদের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক হলে এ বিষয়টি নিয়েই সবচেয়ে বেশি আলোচনা করার প্রস্তুতি দাতাদের ছিল। কিন্তু এ নিয়ে দাতাদের সন্তুষ্ট করার মতো কোনো উত্তর সরকারের নেই বলে জানা গেছে।এদিকে, কেবল পদ্মা সেতুই নয়, অর্থমন্ত্রী বিশ্বব্যাংকের কাছ থেকে বাজেট-সহায়তার ১০০ কোটি ডলার বা প্রায় সাড়ে সাত হাজার কোটি টাকার ঋণসহায়তাও পাচ্ছেন না। এমনকি, লেনদেনের ভারসাম্যের বিদ্যমান চাপ কমাতে বাংলাদেশ সদস্য দেশ হিসেবে বর্ধিত ঋণসুবিধার (ইএসএফ) আওতায় আইএমএফের ১০০ কোটি ডলার ঋণসহায়তাও অনিশ্চিত বলে জানা গেছে। বিশ্বব্যাংকের এই ১০০ কোটি ডলার ঋণের কথা মাথায় রেখেই অর্থমন্ত্রী চলতি ২০১১-১২ অর্থবছরের বাজেট তৈরি করেছিলেন। এর মধ্যে প্রায় আড়াই হাজার কোটি টাকা ব্যয় হওয়ার কথা বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে। ফলে এই ঋণ না পাওয়ায় বাজেট পরিকল্পনায় সংকটে পড়বেন অর্থমন্ত্রী।১০০ কোটি ডলার ঋণ দেওয়ার এই প্রস্তাব বিশ্বব্যাংকের পরিচালনা পর্ষদেও উঠছে না বলে জানা গেছে। গত সেপ্টেম্বর মাসে অর্থমন্ত্রী এ এম এ মুহিত ওয়াশিংটনে বিশ্বব্যাংক ও আইএমএফের বার্ষিক সভায় যোগ দিয়েছেন। এ সময় তিনি এই দাতা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গেও একাধিক বৈঠক করেছেন। এসব বৈঠক থেকে হতাশ হয়েই ফিরতে হয়েছে অর্থমন্ত্রীকে। সরকার বর্তমানে অর্থনীতি নিয়ে চাপের মধ্যে আছে। বৈদেশিক মুদ্রার আয় কমে যাওয়ায় লেনদেনের ভারসাম্য ধরে রাখা যাচ্ছে না। প্রতিশ্রুতি অনুযায়ী সরকার বৈদেশিক সহায়তাও পাচ্ছে না। এ অবস্থায় দাতাদের কাছে কেবল জবাবদিহি করতে সরকারও আগ্রহী হচ্ছে না। ফলে বৈঠকটিও হচ্ছে না।