দাতাদের ‘সবক’ নয়, দেশের প্রয়োজনে গবেষণা করুন: কৃষিমন্ত্রী
কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী জিএম (জেনেটিক্যালি মোডিফাইড) ফুডের ব্যাপারে রক্ষণশীল না হওয়ার জন্য বিজ্ঞানীদের প্রতি আহ্বান জানিয়েছেন। গবেষণা প্রকল্পে অর্থ সহায়তাদানকারীদের সবককে (পরামর্শ) গুরুত্ব না দিয়ে দেশের প্রয়োজনকে বিবেচনা করারও তিনি আহ্বান জানান। আজ বুধবার বাংলাদেশ একাডেমি অব সায়েন্সের (বিএএস) কৃষি ও জীববিজ্ঞান-বিষয়ক ২০টি গবেষণা প্রকল্পের উদ্বোধন করতে গিয়ে কৃষিমন্ত্রী এ কথা বলেন।রাজধানীর আগারগাঁও বিজ্ঞান জাদুঘরে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কৃষিমন্ত্রী বলেন, বিজ্ঞানীদের সেসব উদ্ভাবনই টিকে থাকবে, যা দেশের সাধারণ মানুষের কাজে আসবে। দেশের দক্ষিণাঞ্চলে কৃষি উত্পাদন বৃদ্ধি করতে লবণ-সহিষ্ণুসহ প্রতিকূল পরিবেশ উপযোগী ফসলের জাত উদ্ভাবনের জন্য তিনি বিজ্ঞানীদের প্রতি আহ্বান জানান।যুক্তরাষ্ট্রের কৃষিবিষয়ক উন্নয়ন সংস্থার (ইউএসডিএ) ১২ কোটি ৩৭ লাখ টাকায় এই ২০টি গবেষণা প্রকল্পের অর্থায়ন হচ্ছে। ৩৯১টি প্রস্তাবনা থেকে ২০ ব্যক্তি ও প্রতিষ্ঠানের প্রস্তাবকে যাচাই-বাছাই করে অর্থ সহায়তার জন্য চূড়ান্তভাবে নির্বাচন করা হয়েছে। ২০টি প্রকল্পের মধ্যে ১৫টি ফসল বিষয়ে, দুটি পশুসম্পদ বিষয়ে ও তিনটি জীববিজ্ঞান বিষয়ের গবেষণা প্রকল্প অনুমোদন পেয়েছে।অনুষ্ঠানে বিজ্ঞান, তথ্য যোগাযোগ ও প্রযুক্তি প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান, বাংলাদেশ একাডেমি অব সায়েন্সের সভাপতি শমসের আলী, কৃষিবিজ্ঞানী বদরুদ্দোজাহ প্রমুখ উপস্থিত ছিলেন।