দাতারা প্রতিশ্রুতি দেয় বেশি, টাকা দেয় কম
বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগের সময় উন্নয়ন-সহযোগীরা পাশে থাকার ঘোষণা দেয়। ত্রাণ ও পুনর্বাসনে সহায়তার আশ্বাস দেয়। কিন্তু শেষ পর্যন্ত তারা তাদের প্রতিশ্রুতির অনেকটাই পূরণ করে না। ঘূর্ণিঝড় আইলা ও সিডরের উল্লেখ করে সরকারি সূত্রগুলো বলছে, প্রাকৃতিক ওই দুর্যোগে উন্নয়ন-সহযোগীরা প্রতিশ্রুতির অর্ধেকও পূরণ করেনি।খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সাম্প্রতিক ইতিহাসে ২০০৪ সালের বন্যা, ২০০৭ সালের ঘূর্ণিঝড় সিডর ও ২০০৯ সালের আইলায় পর্যুদস্ত হয় দেশ। প্রতিটি ক্ষেত্রে ত্রাণ ও পুনর্বাসনে সহায়তার প্রতিশ্রুতি নিয়ে এগিয়ে আসে উন্নয়ন-সহযোগীরা। এর মধ্যে ২০০৪ সালে বন্যার পর বাংলাদেশের পক্ষ থেকে আন্তর্জাতিক সহযোগিতা চায় জাতিসংঘ। ওই দুর্যোগ কাটিয়ে উঠতে ২১০ মিলিয়ন ডলার সহায়তা চাওয়া হলেও পাওয়া গেছে মাত্র ৩৩ দশমিক ৬ মিলিয়ন ডলার।ঘূর্ণিঝড় আইলার সময় উন্নয়ন-সহযোগীরা যেভাবে সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছিল, তার অনেকটাই পূরণ করেনি। বিশেষ করে আইলার পর জাতিসংঘের পক্ষ থেকে ৯০ মিলিয়ন ডলার দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়। কিন্তু দেড় বছরে দিয়েছে মাত্র ২৫ মিলিয়ন ডলার।পানিসম্পদ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বিশ্বব্যাংক ও এডিবি দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বাঁধ সংস্কারের জন্য যে সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছিল, দেড় বছর পেরিয়ে গেলেও সেই প্রতিশ্রুতি রক্ষা করা হয়নি।দুর্যোগ মন্ত্রণালয় সূত্র জানায়, সিডরের পর বাংলাদেশের ১০টি গ্রাম পুনর্গঠনের প্রতিশ্রুতি দিয়েছিল ভারত। কিন্তু আড়াই বছর পেরিয়ে গেলেও বাগেরহাটের সেই ১০ গ্রাম পুনর্গঠনে ভারত কথা রাখেনি। এ ব্যাপারে কূটনৈতিক একটি সূত্র জানায়, প্রক্রিয়া চলছে, খুব শিগগির কাজ শুরু হবে।খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী আবদুর রাজ্জাক গতকাল বলেন, ‘ঘূর্ণিঝড় আইলা ও সিডরের পর আমরা সরাসরি সাহায্যের আবেদন জানাইনি। এর মানে এটা নয় যে আমাদের সাহায্যের প্রয়োজন নেই। বিশেষ করে আইলার পর উন্নয়ন-সহযোগীদের সঙ্গে বৈঠক করে ১ দশমিক ১৫ বিলিয়ন ডলার মধ্য ও দীর্ঘমেয়াদি পুনর্বাসনে সহায়তা চেয়েছিলাম। তাদের পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেওয়া হয়েছিল। এখন পর্যন্ত যে সহায়তা পেয়েছি, তা অত্যন্ত হতাশাব্যঞ্জক।’ আইলার পর দাতারা এ পর্যন্ত কী পরিমাণ সহায়তা দিয়েছে জানতে চাইলে তিনি পরিমাণ উল্লেখ না করে বলেন, তারা প্রতিশ্রুত সাহায্যের ৬০ ভাগই দেয়নি।সরকারের বক্তব্যের ব্যাপারে জানতে চাইলে ঢাকায় জাতিসংঘের আবাসিক প্রতিনিধি স্টিফেন প্রিসনার ই-মেইলে প্রথম আলোর প্রশ্নের জবাবে জানান, অন্য উন্নয়ন-সহযোগীদের সঙ্গে সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশ সরকারের প্রতি সহযোগিতা অব্যাহত রেখেছে জাতিসংঘ। ঘূর্ণিঝড় সিডরের পর জরুরি ত্রাণ কার্যক্রম ও পুনর্বাসনে তাঁরা যেভাবে তড়িৎগতিতে সহায়তা করেছেন, তা উন্নয়ন-সহযোগী ও জাতিসংঘের সহযোগিতার বহিঃপ্রকাশ। তিনি বলেন, ঘূর্ণিঝড় আইলার পর উন্নয়ন-সহযোগীরা ৪৩ দশমিক ৫ মিলিয়ন ডলার দিয়েছে। এর মধ্যে জাতিসংঘ দিয়েছে ২৩ মিলিয়ন ডলার। বাংলাদেশে জাতিসংঘের এ জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, বাঁধ নির্মাণসহ শিক্ষা, খাদ্যনিরাপত্তা, স্বাস্থ্য, সুপেয় পানি ও পয়োনিষ্কাশন, জীবিকা নিশ্চিত করতে বাড়তি ৩৫ মিলিয়ন ডলার সংগ্রহের জন্য প্রয়াস চালিয়ে যাওয়া হচ্ছে।২০০৪ সালের বন্যা: ওই বছর জুনের শেষে বন্যা শুরু হয়ে তা আগস্ট পর্যন্ত স্থায়ী হয়। এ প্রাকৃতিক বিপর্যয়ে প্রথমবারের মতো সরাসরি ত্রাণ ও পুনর্বাসন প্রক্রিয়ার সঙ্গে যুক্ত হয় জাতিসংঘ। বন্যার ক্ষয়ক্ষতি মূল্যায়নের পাশাপাশি বাংলাদেশের পক্ষ থেকে সংস্থাটি আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে ত্রাণ সহায়তা চেয়েছিল। সরকারি হিসাব অনুযায়ী, সেবারের বন্যায় ৭১৪ জনের প্রাণহানির পাশাপাশি প্রায় সাড়ে তিন কোটি লোক গৃহহীন হয়ে পড়ে। এদের মধ্যে এক কোটি ৮০ লাখ দুর্গত মানুষ আশ্রয় নেয় স্কুল বা সরকারি ভবনগুলোয়। বাংলাদেশের বন্যা পুনর্বাসনে ২১০ মিলিয়ন ডলার সহায়তা চেয়ে জাতিসংঘ ১২ আগস্ট আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে আহ্বান জানিয়েছিল।তবে ত্রাণ সহযোগিতার ক্ষেত্রে শেষ পর্যন্ত খুব একটা সাড়া মেলেনি। জাতিসংঘের ঢাকা দপ্তরে খোঁজ নিয়ে জানা গেছে, জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) ৩৩ দশমিক ৬ মিলিয়ন ডলার সহায়তা দিয়েছে। এর মধ্যে ৩০ মিলিয়ন ডলার দেয় যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (ডিএফআইডি)। বাকি টাকা দেয় ইউএনডিপি, নরওয়ে ও সুইডেন। ইউএনডিপির সমন্বয়ে দেওয়া সহযোগিতায় লোকজনকে সুপেয় পানি ও নগদ টাকা দেওয়ার পাশাপাশি তাদের ঘরবাড়ি মেরামত করা হয়েছে। সংস্কার করা হয়েছে বন্যায় ক্ষতিগ্রস্ত রাস্তাঘাট।বন্যা ত্রাণে জাতিসংঘের ইতিবাচক সাড়া না মেলার ব্যাপারে দাতাদের পক্ষ থেকে অবশ্য সরকারকেই দোষারোপ করা হয়েছে। ২০০৪ সালের নভেম্বরে হ্যারল্ড লকউড ও জেইন বারহ্যাম নামের দুই পরামর্শক বাংলাদেশের বন্যায় জাতিসংঘের সাহায্যের আবেদন প্রক্রিয়ার বিষয়টি মূল্যায়ন করেন। ওই পর্যালোচনা প্রতিবেদনে বলা হয়েছে, জাতিসংঘের পাশাপাশি বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ত্রাণ সাহায্য চাওয়া হয়নি। তাই ইতিবাচক সাড়া পাওয়া যায়নি। লকউড ও বারহ্যাম নামের ওই দুই মানবিক কর্মকাণ্ড বিশেষজ্ঞ ডিএফআইডির অর্থায়নে ওই মূল্যায়ন প্রতিবেদনটি তৈরি করেন।সিডর: ২০০৭ সালের নভেম্বরে সিডর ছোবল হানে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলাগুলোয়। ওই ঝড়ে পাঁচ থেকে ছয় হাজার লোক প্রাণ হারান। নয় জেলার প্রায় পাঁচ কোটি মানুষ গৃহহারা হওয়ার পাশাপাশি কর্মহীন হয়ে পড়েন। প্রাকৃতিক ওই বিপর্যয়ের পর উন্নয়ন-সহযোগীদের পক্ষ থেকে ৫৩৫ মিলিয়ন ডলার দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হলেও এখন পর্যন্ত পাওয়া গেছে ২১৫ মিলিয়ন ডলার।আইলা: গত বছরের মে মাসে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১১ জেলায় আইলা ছোবল হানে। এতে ১৯০ জন প্রাণ হারান। আহত হন সাত হাজার মানুষ। দুর্গত হয়ে পড়েন প্রায় তিন কোটি ৬০ লাখ মানুষ। সরকার ওই বিপর্যয় কাটাতে ১২০ কোটি ডলার প্রয়োজন হবে বলে ঘোষণা দেয়।খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, জরুরি ত্রাণ বিতরণের পাশাপাশি আবাসন ও জীবিকার বিষয়টি নিশ্চিত করতে আইলা-দুর্গত লোকজনের জন্য গত বছরের আগস্টে ৯০ মিলিয়ন ডলার দেওয়ার প্রস্তাব দেয় জাতিসংঘ। এর মধ্যে জাতিসংঘ ত্রাণ সহায়তার জন্য ৪৯ দশমিক ৬২ এবং পুনর্বাসন বিশেষ করে কর্মসংস্থানের জন্য ৫০ মিলিয়ন ডলার দেওয়ার ঘোষণা দিয়েছিল। এ পর্যন্ত আইলা আঘাত হানার দেড় বছর পর মাত্র ২৫ মিলিয়ন ডলার দিয়েছে সংস্থাটি।মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, আইলায় প্রতিশ্রুত সহায়তার বিষয়টি পর্যালোচনার জন্য জুন মাসের দ্বিতীয়ার্ধে সরকারের সঙ্গে জাতিসংঘের বৈঠক হয়। ওই আলোচনার সময় সাহায্যের প্রতিশ্রুতি দ্রুত বাস্তবায়নের বিষয়টি প্রাধান্য পায়। এ সময় জাতিসংঘের পক্ষ থেকে জানানো হয়, বিভিন্ন উৎস থেকে ওই সাহায্য আসার কারণে কিছুটা বেশি সময় লাগছে। জাতিসংঘ ওই সহযোগিতার প্রতিশ্রুতি দ্রুত বাস্তবায়ন করবে বলে সরকারকে আশ্বস্ত করে।এদিকে পানিসম্পদ মন্ত্রণালয়ের সূত্রগুলো জানিয়েছে, ঘূর্ণিঝড় আইলার পর এডিবি ও বিশ্বব্যাংক বন্যা নিয়ন্ত্রণ বাঁধ সংস্কারের কাজে ১৭৫ কোটি টাকা দেওয়ার প্রতিশ্রুতি দেয়। এর মধ্যে বিশ্বব্যাংক দুই প্রকল্পে ১২৪ কোটি ও এডিবি একটি প্রকল্পে ৫২ দশমিক ৫৭ কোটি টাকা দেওয়ার কথা জানায়। কিন্তু দেড় বছর পরও ওই প্রকল্পগুলোর কোনো অগ্রগতি হয়নি।