দাতাসংস্থাগুলোকে শিক্ষায় বিনিয়োগ বাড়ানোর আহ্বান
সবার জন্য শিক্ষা নিশ্চিত করতে দাতাসংস্থাগুলোকে বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোতাহার হোসেন। সবার জন্য শিক্ষাসংক্রান্ত আন্তর্জাতিক সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে আজ বুধবার তাঁরা এই আহ্বান জানান। রাজধানীর একটি হোটেলে তিন দিনব্যাপী অনুষ্ঠেয় এই সম্মেলনে বিশ্বের ৪০টি দেশের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘শিক্ষা কেবল মৌলিক অধিকারই নয়, এটি মানবাধিকার। এটি নিশ্চিত করতে হবে।’মোতাহার হোসেন বলেন, বর্তমান সরকার সবার জন্য প্রাথমিক শিক্ষা নিশ্চিত করার পাশাপাশি বাংলাদেশকে একটি নিরক্ষরমুক্ত দেশ হিসেবে গড়তে চায়। কিন্তু এ জন্য যে পরিমাণ অর্থের দরকার, তা নেই। দাতাসংস্থাগুলোর তাই এ ব্যাপারে এগিয়ে আসতে হবে।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রাশেদা কে চৌধুরী। উপস্থিত ছিলেন জাতিসংঘের সবার জন্য শিক্ষা কর্মসূচির আন্তর্জাতিক সমন্বয়ক ওলাব সিয়াম।