দাদন ব্যবসায়ীর নির্যাতনের শিকার সংখ্যালঘু পরিবার
দুপচাঁচিয়া উপজেলার তালোড়ায় দাদন ব্যবসায়ী চক্রের নির্যাতনের শিকার হয়ে সংখ্যালঘুু পরিবারের লোকজন তাদের বাড়ি থেকে বের হতে পারছে না। প্রাথমিক বিদ্যালয়ে পড়ুয়া ছাত্রীর বিদ্যালয়ে যাওয়া বন্ধ হয়ে পড়েছে। নির্যাতিতরা প্রশাসনের কাছে বিচার চেয়েও কোনো ব্যবস্থা নেয়নি প্রশাসন। ঘটনাটি ঘটেছে উপজেলার তালোড়া ইউনিয়নের পলিপাড়া গ্রামে।নির্যাতিতদের অভিযোগের সূত্র ধরে সরেজমিনে জানা যায়, গত এক বছর আগে তালোড়ার পলিপাড়ার বিকাশ চন্দ্র বর্মণ দাদন ব্যবসায়ী একই গ্রামের আলম প্রাং (৩৬), লিটন হোসেন (৩২) ও নূর প্রাংয়ের (৩৪) কাছ থেকে ছয় হাজার টাকা হাওলাত নেন। সময়মতো টাকা দিতে না পারায় ওই দাদন ব্যবসায়ীরা বিকাশ চন্দ্র বর্মণের পরিবারের ওপর নির্যাতনের চেষ্টা করে। এতে গ্রামের কয়েকজন হিন্দু পরিবার বিকাশ চন্দ্র বর্মণের পক্ষ নিয়ে প্রতিবাদ করায় ওই দাদন ব্যবসায়ীরা ওইসব হিন্দু পরিবারের তিনটি খড়ের পালায় আগুন ধরিয়ে দেয়। নির্যাতিত হিন্দু পরিবারগুলোর মধ্যে ভবেন চন্দ্র বর্মণ, সন্জীব চন্দ্র বর্মণ ও মিলন চন্দ্র বর্মণ। বিকাশ চন্দ্র বর্মণের বাড়ির দরজার সামনে এবং গরুর গোয়ালে মানুষের পায়খানা ও নোংরা আবর্জনা ফেলে গরু পালনে বাধার সৃষ্টি করে। বিকাশ চন্দ্র বর্মণসহ ওইসব হিন্দুর জমিতে চাষাবাদ করতে দেয় না তারা। এ বছর জমিতে চাষাবাদ করলেও তাঁদের ফসল ঘরে তুলতে দেয়নি ওই দাদন ব্যবসায়ী চক্র। বিকাশ চন্দ্র বর্মণের মেয়ে লিপি রানী বর্মণ পলিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্রী। ওইসব দাদন ব্যবসায়ীর সন্ত্রাসী কর্মকাণ্ডের ভয়ে বিকাশ চন্দ্র বর্মণ তাঁর মেয়ে লিপি রানীকে বিদ্যালয়ে যাতায়াত বন্ধ করে দিয়েছে। তাদের নির্যাতনের হাত থেকে বাঁচার জন্য বিকাশ চন্দ্র বর্মণ প্রথমে তালোড়া ইউপি চেয়ারম্যানের কাছে অভিযোগ দেন। ইউপি চেয়ারম্যান তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে নির্যাতিত বিকাশ চন্দ্র বর্মণ থানায় অভিযোগ করেন।নির্যাতনের শিকার ভবেন চন্দ্র বর্মণ বলেন, ‘গ্রামের ওইসব যুবকের অত্যাচারে এই গ্রামে হিন্দু পরিবারের লোকজনের বসবাস করা কঠিন হয়ে পড়েছে। ওদের অত্যাচারের প্রতিবাদ করায় ওরা আমাদের বউ-বেটিদের বাড়ি থেকে বের হতে দেয় না।’ গ্রামের মাতব্বর মোজাহার হোসেন বলেন, ‘ওইসব যুবক খুব একটা ভালো নয়। ওদের বিরুদ্ধে গ্রামে কয়েকবার বিচার-সালিস ডেকেও কোনো কাজ হয়নি। ওদের কার্যকলাপে গ্রামের পরিবেশ নষ্ট হয়ে গেছে। ওরা এ গ্রামের বেশির ভাগ লোককে টাকা হাওলাত দেওয়ায় ওদের ভয়ে কেউ মুখ খুলতে চায় না।’ তালোড়া ইউপি চেয়ারম্যান আব্দুল মালেক সরদার বলেন, ‘ওইসব যুবকের বিরুদ্ধে অভিযোগ পেয়ে গ্রামে বেশ কয়েকবার সালিস করেছি। ওরা সাালিসে হাজির হয় না। ওদের অভিভাবককে বললেও কোনো কাজ হয় না।’ওইসব যুবকের সঙ্গে যোগাযোগ করলে গ্রামে ওদের পাওয়া যায়নি। এমনকি মোবাইলে কথা বলতে গেলে তারা কথা বলতে অস্বীকৃতি জানায়।ওইসব যুবকের মধ্যে দাদন ব্যবসায়ী নুরু প্রাংয়ের বাবা আবু তালেব বলেন, ‘হামরা (আমরা) একন বুড়া হয়্যা গেছি। ব্যাটাক (ছেলে) বিয়া দিয়া ভিনো (পৃথক) কর্যা দিচি। হামাকেরে কতা ছোলপোলরা শুনবার চায় না।’দুপচাঁচিয়া থানায় এ অভিযোগের দায়িত্বপ্রাপ্ত সহকারী উপপরিদর্শক (এএসআই) শাহিন বলেন, ‘অভিযোগ পেয়ে গ্রামে গিয়ে তদন্ত করতে গেলে ওইসব যুবকের সঙ্গে সাক্ষাত্ হয়নি। ওদের অভিভাবকে সতর্ক করে দিয়ে বলা হয়েছে, তাদের ছেলেদের থানায় সোপর্দ না করলে অভিভাবকদের ছাড় দেওয়া হবে না।’