দাদাগিরিতে মিঠুন
জি-বাংলার জনপ্রিয় অনুষ্ঠান দাদাগিরিতে আর দেখা যাবে না প্রখ্যাত ক্রিকেটার সৌরভ গাঙ্গুলীকে। সেখানে আসছেন মিঠুন চক্রবর্তী। শিগগিরই শুরু হচ্ছে জি-বাংলার এই জনপ্রিয় অনুষ্ঠান দাদাগিরি আনলিমিটেড, তৃতীয় পর্ব।দাদাগিরির এই তৃতীয় পর্বে ফর্মেটেরও খানিকটা বদল হয়েছে। সৌরভের আমলের জনপ্রিয় ক্যাচলাইন ‘বাপি বাড়ি যা’ থাকছে না। বদলে এবার আসছে চেকমেট। সিলেকশন, টস বা গুগলির মতো রাউন্ডগুলো থাকছে, তবে পাওয়ার প্লের বদলে আসছে ‘প্যাক-আপ যা পাঙ্গা’। কভার ড্রাইভের বদলে হয়েছে চতুরঙ্গ। শ্লগওভার বদলে হয়েছে ‘কুইক অর কোয়াক’। তবে গুগলি থাকছে গুগলিতেই। নতুন অ্যাঙ্কর মিঠুন চক্রবর্তী এখানে ‘ডান্স বাংলা ডান্সে’র এমজির আরেক অবতার হিসেবে আসছেন। তবে ইউনিট সূত্রে জানা গেছে, মিঠুন প্রথম থেকেই বেশ নাটকীয়। সৌরভের পোশাকে খুব একটা বৈচিত্র্য না থাকলেও মিঠুন নানা পোশাকে হাজির হবেন। তবে প্রথম পর্বে মিঠুন হাজির হবেন ধুতি-পাঞ্জাবিতে বাঙালি বাবু হিসেবে।