কুমিল্লার দাউদকান্দি উপজেলার দৌলতপুর এলাকায় গতকাল শুক্রবার সড়ক দুর্ঘটনায় তিনজন মারা গেছেন। তাঁরা হলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রী সায়মা সিদ্দিকা, তাঁর ছোট বোন সাদিয়া সিদ্দিকা ও তাঁদের গাড়ির চালক মাসুম পারভেজ। সায়মা ও সাদিয়া সংস্থাপন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সিদ্দিকুর রহমানের মেয়ে। সায়মা ও সাদিয়া কুমিল্লার দেবীদ্বার উপজেলায় দাদার বাড়ি যাচ্ছিলেন। গোপালগঞ্জ সদর উপজেলায় সড়ক দুর্ঘটনায় মারা গেছেন একই পরিবারের তিনজন। তাঁরা হলেন উপজেলার নকড়িরচর গ্রামের বাবুল শেখ, তাঁর স্ত্রী শিউলি আক্তার ও ছেলে রাকিব । দুর্ঘটনায় আহত সিদ্দিকুর রহমানের স্ত্রী পারভীন তাহমিনা (৫০) ও তাঁর শ্যালক মহিবুল হাসানকে (৪৫) ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। মহিবুল হাসান জাতীয় বিশ্ববিদ্যালয়ের সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক। সিদ্দিকুর রহমান সপরিবারে ঢাকা থেকে দুটি প্রাইভেট কারে কুমিল্লার দেবীদ্বার উপজেলায় গ্রামের বাড়িতে যাচ্ছিলেন। এর মধ্যে একটি গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। অপর গাড়িতে ছিলেন সিদ্দিকুর রহমান। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দৌলতপুর এলাকায় সিদ্দিকুর রহমানের স্ত্রী, দুই মেয়ে ও শ্যালককে বহনকারী প্রাইভেট কারের সঙ্গে একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঢাকাগামী আরেকটি ট্রাক দুর্ঘটনাকবলিত প্রাইভেট কারকে সজোরে ধাক্কা দিলে এটি দুমড়েমুচড়ে যায়। স্থানীয় লোকজন ও হাইওয়ে পুলিশ প্রাইভেট কারের ভেতর থেকে পারভীন তাহমিনা, মহিবুল, সায়মা, সাদিয়া এবং তাঁদের গাড়িচালক মাসুম পারভেজকে উদ্ধার করে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক সায়মাকে (২৪) মৃত ঘোষণা করেন। অবস্থার অবনতি ঘটায় অন্যদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক সাদিয়া (৭) ও মাসুম পারভেজকে (২৮) মৃত ঘোষণা করেন। উন্নত চিকিৎসার জন্য পারভীন তাহমিনা ও মহিবুলকে মহাখালীর মেট্রোপলিটন হাসপাতালে ভর্তি করা হয়েছে। দাউদকান্দি হাইওয়ে পুলিশের সার্জেন্ট সাইফুল ইসলাম প্রথম আলোকে জানান, দুর্ঘটনার কারণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দৌলতপুরে আধঘণ্টা গাড়ি চলাচল বন্ধ ছিল। এ সময় মহাসড়কের উভয় দিকে কয়েক কিলোমিটার জুড়ে যানজট সৃষ্টি হয়। দুমড়েমুচড়ে যাওয়া প্রাইভেট কার ও বাসটি রেকার দিয়ে সরানোর পর যান চলাচল স্বাভাবিক হয়। মৃত্যুর খবরে স্বজনেরা দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে কান্নায় ভেঙে পড়েন। পরে আদালতের অনুমতি নিয়ে ময়নাতদন্ত ছাড়াই সায়মার লাশ দেবীদ্বারের বড়কামতা গ্রামের বাড়িতে দাফন করা হয়। সেখানে গিয়ে দেখা যায় মাতম। কান্নাজড়িত কণ্ঠে সিদ্দিকুর রহমান বলেন, সামনের গাড়িতে থাকায় তিনি দ্রুত গ্রামের বাড়িতে পৌঁছান। পরে খবর পেয়ে দাউদকান্দি হাসপাতালে যান। আহত মহিবুল হাসানের স্ত্রী মোবাশ্বের আক্তার জানান, এমন মৃত্যু কোনোভাবেই তাঁরা মেনে নিতে পারছেন না।বিকেলে সিদ্দিকুর রহমানের অপর দুই মেয়ে সামিয়া সিদ্দিকা ও শায়লা সিদ্দিকা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আসেন। তাঁরা ছোট বোন সাদিয়ার লাশ দেখে কান্নায় ভেঙে পড়েন। সন্ধ্যায় সাদিয়ার লাশ আদালতের অনুমতি নিয়ে ময়নাতদন্ত ছাড়াই স্বজনেরা গ্রামের বাড়িতে নিয়ে যান। গাড়ির চালক মাসুম পারভেজের লাশ হাসপাতালের মর্গে রয়েছে। স্বজনদের না পাওয়ায় তাঁর সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।সিদ্দিকুর রহমান সপরিবারে ঢাকার ৩৪৭/সি খিলগাঁওয়ে থাকেন। তিনি চার মেয়ের বাবা। এদের মধ্যে মৃত সায়মা সবার বড় ও সাদিয়া ছোট। সায়মা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর শ্রেণীতে ইংরেজি বিভাগের শেষ বর্ষের ছাত্রী। সাদিয়া ঢাকার ফয়জুর রহমান ইনস্টিটিউটে দ্বিতীয় শ্রেণীতে পড়ত। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা সায়মার মৃত্যুর খবর পেয়ে গভীর শোক প্রকাশ করেন এবং সমবেদনা জানান।একই পরিবারের তিনজনের মৃত্যুপ্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, বাবুল শেখ (৩২) সন্তানসম্ভবা স্ত্রী শিউলি আক্তার (২৭) ও ছেলে রাকিবকে (৬) নিয়ে নিজ মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। গোপালগঞ্জ সদর উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের সোনাকুড় এলাকায় ওই মোটরসাইকেল ও ঢাকাগামী একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা তিনজনের মৃত্যু হয়। এ ঘটনার প্রতিবাদে স্থানীয় লোকজন প্রায় দুই ঘণ্টা ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে রাখে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।