দাদাসাহেব ফালকে পুরস্কার পাচ্ছেন সৌমিত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবারের দাদাসাহেব ফালকে পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন ভারতের প্রখ্যাত অভিনয়-ব্যক্তিত্ব সৌমিত্র চট্টোপাধ্যায়। চলচ্চিত্র শিল্পে গুরুত্বপূর্ণ অবদান রাখার স্বীকৃতি হিসেবে আজীবন সম্মাননা প্রদান করা হবে তাঁকে। এ পুরস্কারের জন্য ভারতীয় চলচ্চিত্রের চার দিকপাল প্রাণ, মনোজ কুমার, বৈজয়ন্তীমালা ও সৌমিত্র চট্টোপাধ্যায়ের নাম ঘোষণা করেছিল ভারতের সরকার। শেষ পর্যন্ত জুরি বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী ভারতীয় চলচ্চিত্রের অন্যতম গুরুত্বপূর্ণ এই সম্মাননার জন্য চূড়ান্ত করা হয়েছে প্রখ্যাত বাঙালি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের নাম।বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন সৌমিত্র নিজেই। এ প্রসঙ্গে এক সাক্ষাত্কারে তিনি বলেছেন, ‘আমি খুবই খুশি। আজ সন্ধ্যার আগে পর্যন্ত এত বড় সম্মাননা পাব—কল্পনাও করিনি। খবরটি শোনার পর থেকে অনেক ভালো লাগছে।’ জানিয়েছে ভারতীয় সংবাদ সংস্থা আইএএনএস। ১৯৫৯ সালে সত্যজিত্ রায়ের ‘অপুর সংসার’ ছবিতে অপুর তরুণ বয়সের চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে চলচ্চিত্রে অভিষেক হয়েছিল সৌমিত্রর। এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি তাঁকে। পরবর্তী সময়ে ভারতীয় চলচ্চিত্রের অন্যতম প্রতিভাবান অভিনেতা হিসেবে নিজেকে প্রমাণ করেছেন তিনি।অপুর সংসার ছবিতে কাজ করার পর সত্যজিত্ রায়ের অন্যতম প্রিয় অভিনেতায় পরিণত হন সৌমিত্র। পরবর্তী সময়ে ‘সোনার কেল্লা’, ‘চারুলতা’, ‘ঘরে বাইরে’সহ সত্যজিতের বেশ কয়েকটি ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন। বরাবরই এই নির্মাতা-অভিনেতা জুটির কাজ প্রশংসিত হয়েছে। প্রায়ই এই জুটিকে তুলনা করা হয় জাপানের আকিরা কুরোসোয়া-তোশিরও মিফুন এবং ইতালির ফেদরিকো ফেলিনি-মারচেল্লো মাস্ত্রোয়ানি জুটির সঙ্গে। সত্যজিত্ রায় ছাড়াও মৃণাল সেন, তপন সিনহা, তরুণ মজুমদার, অপর্ণা সেন, গৌতম ঘোষ ও ঋতুপর্ণ ঘোষের মতো নামকরা চলচ্চিত্র নির্মাতাদের সঙ্গে কাজ করেছেন সৌমিত্র। তাঁর অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে ‘কাপুরুষ’, ‘আকাশ কুসুম’, ‘অরণ্যের দিনরাত্রি’, ‘জয় বাবা ফেলুনাথ’, ‘শাখা প্রশাখা’, ‘গণশত্রু’, ‘তিন ভুবনের পাড়ে’, ‘ঝিন্দের বন্দি’ প্রভৃতি। দীর্ঘ ৫০ বছরের অভিনয় জীবনে কাজের স্বীকৃতি হিসেবে অসংখ্য পুরস্কারে ভূষিত হয়েছেন পদ্মভূষণ খেতাব জয়ী গুণী এই অভিনয় শিল্পী। ২০০৮ সালে ‘পদক্ষেপ’ ছবির জন্য জিতে নেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। ফরাসি সরকারের পক্ষ থেকে শিল্প ক্ষেত্রের সর্বোচ্চ সম্মাননা ‘অফিসার ডেস আর্টস এট মেটিয়ার্স’ সম্মাননা দেওয়া হয়েছে তাঁকে। এর আগে ইতালি থেকেও আজীবন সম্মাননা পুরস্কার প্রদান করা হয়েছিল তাঁকে। চলচ্চিত্রের পাশাপাশি মঞ্চ নাটকেও আগ্রহ রয়েছে সৌমিত্রর। মঞ্চ নাটকে কেবল অভিনয়ই নয় বহু মঞ্চ নাটকের নির্দেশনাও দিয়েছেন তিনি।