দানব সরকার দেশটাকে গিলে খাচ্ছে: মির্জা ফখরুল
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশ এক দানবের হাতে পড়েছে। এই দানব পুরো দেশটাকে গিলে খাচ্ছে। আজ শনিবার এক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।রাজধানীর নয়াপল্টনের একটি কমিউনিটি সেন্টারে ঢাকা মহানগর বিএনপি ‘বাংলাদেশ জাতীয়তাবাদী দল: সমুজ্জ্বল অতীত, সম্ভাবনাময় ভবিষ্যৎ ও বর্তমান বাস্তবতা’ শীর্ষক এ কর্মশালার আয়োজন করে।বিএনপির এই নেতা অভিযোগ করেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কেবল নামেই আন্তর্জাতিক আদালত। এই আদালতে সালাহউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর পক্ষে কথা বলতে আসা বিদেশি আইনজীবীকে বিমানবন্দর থেকে ফেরত পাঠানোর প্রতিবাদ জানান তিনি। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, সরকারের মন্ত্রীরা জনগণের সঙ্গে তামাশা করছেন।মির্জা ফখরুল অভিযোগ করেন, এ সরকার একের পর এক প্রতিষ্ঠান ধ্বংস করে দিচ্ছে। আদালতও এখন ধ্বংসের দ্বারপ্রান্তে। তারা জনগণের জন্য কিছুই করছে না। সরকারদলীয়রা আছেন কেবল নিজেদের আখের গোছাতে। দখল, সন্ত্রাস, চাঁদাবাজিতে সাধারণ মানুষ অতিষ্ঠ। ব্যবসায়ীরা শান্তিমতো ব্যবসা করতে পারছেন না। তিনি এই ফ্যাসিস্ট সরকারকে সরাতে বিএনপি নেতা-কর্মীদের লড়াইয়ের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান।কর্মশালায় ঢাকা সিটি করপোরেশনের কয়েকজন ওয়ার্ড কমিশনার, ওয়ার্ড বিএনপির নেতা, ঢাকার পার্শ্ববর্তী ইউনিয়নের বিএনপির নেতা ও অঙ্গ সংগঠনের নেতারা অংশ নেন।