দানের কাপড়ের রমরমা বাজার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাটুয়াটুলি রোড পেরিয়ে ইসলামপুরের দিকে যেতে সারি সারি কাপড়ের দোকান চোখে পড়ে। রমজান সামনে রেখে পোশাকের বাজার এখানে সরগরম। পাইকারি গজ কাপড়ের বেচাকেনা চলে ঢের। তাই ইসলামপুরে রমজানের শুরুতে ভিড়ভাট্টা একটু বেশিই থাকে। দিন যত গড়াতে থাকে, ততই কমতে থাকে গজ কাপড়ের বাজারের এ উত্তাপ। কেননা, খুচরা ব্যবসায়ীরা রমজান মাস শুরুর আগেই এখান থেকে কেনাকাটা করে দোকান ভরে রাখেন। তবে রমজান মাসে ইসলামপুরে শুরু হয় দানের কাপড়ের ব্যবসা।এ জন্য ইসলামপুরের বেশ কিছু দোকানের ফটকে সাঁটানো হয়েছে ‘এখানে জাকাতের কাপড় পাওয়া যায়’ এমন নির্দেশক। এমন নির্দেশক টাঙিয়েছেন আল মদিনা ক্লথসের দোকানি মাহফুজুর রহমান। তিনি জানান, পুরো রমজান মাসেই বেচাকেনার চাপ থাকে। প্রথম দিকে চলে গজ কাপড়ের বেচাকেনা এবং শেষ দিকে চলে জাকাতের কাপড়ের বেচাকেনা।ইসলামপুর ঘুরে দেখা যায়, দোকানিদের দম ফেলার ফুরসতটুকুও নেই। আবার একটু পরপরই পেছন থেকে হাঁকডাক, ‘অই মিয়া, সরেন, মাথায় বোঝা।’ এমনি করে হাঁকডাক দিয়ে গাদা গাদা কাপড় এক গুদাম থেকে আরেক গুদামে খালাসের কাজে ব্যস্ত কুলিরা। কোথাও পথ আগলে রিকশা ও ভ্যানে কাপড়ের বস্তা তোলার ব্যস্ততা।ইসলামপুর সড়কের লায়ন সিনেমা হলের গলিতে দোলন হায়েত কমপ্লেক্সে কথা হয় পাইকারি কাপড় ব্যবসায়ী তোফায়েল আহমেদের সঙ্গে। তিনি জানান, অনেকে মনে করেন, ইসলামপুর পাইকারি কাপড় বেচাকেনার বাজার। কিন্তু বিষয়টি ভুল। ইসলামপুরের অনেক দোকান আছে, যেখানে খুচরা বেচাকেনার সুযোগ আছে। এ ছাড়া জাকাতের শাড়ি-লুঙ্গিও পাওয়া যায় এখানে।এদিকে আহসান উল্লাহ রোডে রয়েছে বেশ কিছু পাইকারি দোকানের গুদাম। এখানে ঢাকাই ধনাঢ্য পরিবারগুলোর মুরুব্বিরা আসেন জাকাতের কাপড়ের ফরমাশ দিতে। রমজানের মাঝামাঝিতে ফরমাশ দিয়ে রাখলে চাহিদামাফিক কাপড় মেলে।আহসান উল্লাহ রোডে রয়েছে একাধিক দেশি টেক্সটাইলের শোরুম। এখানে গজ কাপড়ের পাশাপাশি জাকাতের কাপড়ের ফরমাশ নেওয়া হয়।সিনথিয়া ফেব্রিক্সের মালিক চৌধুরী তাহের জানান, জাকাতের শাড়ি মিলবে ১৩০ থেকে ২৫০ টাকার ভেতর। আবার লুঙ্গি মিলবে ৮০ থেকে ১৫০ টাকার মধ্যে। তবে জাকাত দানকারীদের অনেকেই কম দামি নিম্নমানের পোশাক কেনেন। উদ্দেশ্য থাকে বেশি লোকের হাতে জাকাত তুলে দেওয়া। এটা উচিত নয় বলে মনে করেন চৌধুরী তাহের।জাকাতের কাপড় কিনতে আসা ইমামগঞ্জের আলী আজম বলেন, জাকাতের কাপড় একটু উন্নতমানের হওয়া দরকার, যাতে তা গরিব মানুষের কাজে আসে।এদিকে পাটুয়াটুলি রোডের কাপড় ব্যবসায়ী নুর হোসেন জানান, জাকাতের বেশির ভাগ শাড়িই ১১ হাতের হয়। আকারে কম হওয়ায় দামও হয় কম। ক্রেতারা কমদামি কাপড় চান বলে কাপড়ের কারখানা থেকেই ছোট আকারে শাড়ি সরবরাহ করা হয়। এগুলো জাকাতের শাড়ি বলেই এমন করা হয়। আবার লুঙ্গির প্রস্থও থাকে কম।ইসলামপুরের ব্যবসায়ী গিয়াসউদ্দিন বলেন, জাকাতের কাপড় বেচাকেনায় টেক্সটাইলগুলোয় নানা রকম ছাড় দেওয়া হয়। কোনো কোনো টেক্সটাইল কম দামে শাড়ি কিংবা লুঙ্গি বিক্রির বিজ্ঞাপন দেয় পত্রিকায়। জাকাত দানকারীদের উচিত, দেখেশুনে এসব কেনা।আবার অনেকে জাকাতে পাঞ্জাবিও দিয়ে থাকেন। সদরঘাটের পাঞ্জাবি বিক্রেতা আশরাফ মাহমুদ জানান, সদরঘাটের পাইকারি বাজার থেকে অনেকেই পাঞ্জাবি সংগ্রহ করেন। কারুকাজ ছাড়া সাদামাটা পাঞ্জাবিগুলো জাকাতের পাঞ্জাবি হিসেবে বেচাকেনা হয়। আবার ত্রুটিপূর্ণ কিছু পাঞ্জাবি বাতিল হয়ে পড়ে থাকে দেশি গার্মেন্টসগুলোর গুদামে। এগুলোও চলে আসে সদরঘাটে। জাকাত দানকারীরা বুঝে উঠতে না পেরে এমন পাঞ্জাবি দানের জন্য কিনে নেন। এ ক্ষেত্রে দানের পোশাকটি ভালো কি না, তা যাচাই করে কেনা ভালো।