দাপ্তরিক কাজ সারেন দপ্তরি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের ফুলবাড়ী সরকারি কলেজের দাপ্তরিক ও কোষাধ্যক্ষের কাজ সারেন দপ্তরি। প্রয়োজনীয় শিক্ষকসহ লোকবল না থাকায় এ দশা হয়েছে। রাষ্ট্রবিজ্ঞান, হিসাববিজ্ঞান, ব্যবস্থাপনা, ফিন্যান্স এবং ব্যাংকিং বিষয়ে একজনও শিক্ষক নেই। ভাড়া করা শিক্ষক দিয়ে চলছে ক্লাস। ৫৭ জন শিক্ষকের মধ্যে আছেন মাত্র ২৭ জন। এ ছাড়া সীমানাপ্রাচীর না থাকায় কলেজ চত্বরের প্রশাসনিক ভবন ও শ্রেণীকক্ষের সামনে গরু চরে বেড়ায়। সন্ধ্যার পর শুরু হয় বখাটেদের আড্ডা। নেই শিক্ষক কোয়ার্টার ও ছাত্রীনিবাস। কলেজের উপাধ্যক্ষ মো. বদিওজ্জামান বলেন, এইচএসসি, বিএ, বিএসসি ও বিএসএস বিভাগে শিক্ষার্থীর সংখ্যা এক হাজার ৫০০। অথচ বাংলা, অর্থনীতি, ইতিহাস, দর্শন, মার্কেটিং ও গণিত বিষয়ে তিনজন শিক্ষকের জায়গায় আছেন মাত্র একজন করে। অফিস সহকারী, কোষাধ্যক্ষ ও হিসাবরক্ষক নেই। দপ্তরিরা সারেন কোষাধ্যক্ষ ও দাপ্তরিক কাজ। চতুর্থ শ্রেণীর কর্মচারী চারজনের মধ্যে আছে মাত্র একজন। সরেজমিনে ৭ আগস্ট সকাল সাড়ে ১০টায় কলেজ চত্বরে গিয়ে দেখা যায়, প্রশাসনিক ভবন ও শিক্ষক রুমের সামনে গরু চরে বেড়াচ্ছে। বিএ প্রথম বর্ষের ছাত্র রাকিব হাসান, তৌহিদুল ইসলাম ও জুয়েল রানা জানান, চত্বরের মধ্যে বাইরের লোকজন ও গরু-ছাগল অবাধে যাতায়াত করে। স্থানীয়রা প্রতিদিন কলেজের ভেতর গরু বেঁধে রেখে চলে যায়। কলেজ চত্বরে বহিরাগতদের অবাধ প্রবেশের কারণে শিক্ষার্থীদের স্বাভাভিক চলাফেরা করা সমস্যা হয়। একাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী শাম্মী আখতার, অনিক রহমান ও তন্ময় সরকার জানায়, কিছু কিছু ক্লাসের সময় শ্রেণীকক্ষে জায়গা ধরে না। একটু পরে ক্লাসে গেলে দাঁড়িয়ে থাকতে হয়। কলেজে একটি ছাত্রাবাস আছে। এখানে শিক্ষার্থীরা চরম নিরাপত্তাহীনতায় থাকে। ছাত্রাবাসে অবস্থানকারী রাসেল ও জাকির নামের শিক্ষার্থীরা জানান, সন্ধ্যার পরই বহিরাগত বখাটে ছেলেরা ছাত্রাবাসের সামনে বসে গভীর রাত পর্যন্ত আড্ডা মারে। তারা ছাত্রাবাসের সামনে বসে মাদক সেবন করে। মাঝেমধ্যেই কক্ষ থেকে শার্ট, প্যান্ট ও লুঙ্গি চুরি হয়। ওদের উৎপাতে বারান্দায় কিছু রাখা যায় না। অধ্যক্ষ প্রফেসর আবদুস সোবহান প্রামাণিক বলেন, ‘কলেজের সীমানাপ্রাচীর নির্মাণের জন্য ছয় লাখ টাকা শিক্ষা মন্ত্রণালয় থেকে বরাদ্দের একটি চিঠি প্রায় এক বছর আগে পেয়েছি। কিন্তু টাকা এখনো পাইনি। সীমানাপ্রাচীর ছাড়া বহিরাগতদের প্রবেশ ঠেকানো সম্ভব নয়। শিক্ষক-সংকটসহ অন্যান্য সমস্যা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে একাধিকবার চিঠি দিয়ে অবহিত করা হয়েছে।’