দাবদাহ বইছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যাচা-কিনা ভালোই হইতেছে, ডেইলি দুই হাজার হয়। তবে স্কুল-অপিস খোলা থ্যাইকলে বেচন আরও হয়নি।’রাজধানীর রমনা থানার সামনের সড়কে আজ শুক্রবার সকালে এ কথা বলেন আইসক্রিম-বিক্রেতা শহীদ আলী।আইসক্রিমের ভ্যান নিয়ে রাজধানীর এগলি-সেগলি ঘুরে বেড়াচ্ছেন গোপালগঞ্জ জেলার ষাটোর্ধ্ব এ মানুষটি। ভাপসা গরমে ঘেমেনেয়ে একাকার তিনি। এর পরও যেন ক্লান্তি নেই। কারণ, এই গরমের জন্যই তাঁর আইসক্রিম বিক্রি হচ্ছে। তাঁর ভ্যানটির পাশে দাঁড়িয়ে আইসক্রিম খাচ্ছেন কয়েকজন ক্রেতা।এঁদেরই একজন রনক হাসান (৩০)। তিনি বলেন, ‘বাস থেকে নেমে আর টিকতে পারছিলাম না। গলা শুকিয়ে কাঠ। তাই আইসক্রিম খেয়ে প্রাণ জুড়াচ্ছি।’রনকের পাশে দাঁড়ানো রিকশাচালকও একটা আইসক্রিম কিনলেন। মজা করে খেতে লাগলেন তিনি। তাঁর ক্লান্ত চেহারায় ফুটে উঠল তৃপ্তির ভাব। কেবল আইসক্রিম নয়, এই তীব্র গরমে ঢাকার গলি থেকে রাজপথ—বিভিন্ন স্থানে লেবুর শরবত, আখের রসের বেচাকেনা এখন রমরমা। প্রতি গ্লাস পাঁচ টাকা। কোথাও আবার ১০ টাকায় বিক্রি হচ্ছে। বরফ দেওয়া এই শরবত পান করছেন অনেক পথচারী। অনেকে আবার ফাস্টফুড বা অভিজাত দোকানে গিয়েও গলা ভেজাচ্ছেন ঠান্ডা শরবতে। তরমুজ, পেঁপে, তেঁতুল, কাঁচা আম, ফুঁটি—এসব ফলের শরবত পাওয়া যাচ্ছে দোকানগুলোতে। ঘরের ভেতরও চলছে ফ্রিজের ঠান্ডা পানি দিয়ে তৈরি রকমারি শরবত ও লাচ্ছি পান। গরম যত বাড়বে, এগুলোর চাহিদাও বাড়বে তত।আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সারা দেশে এখন দাবদাহ চলছে। তাদের ওয়েবসাইটে দেওয়া তথ্যমতে, গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে খুলনা জেলায়; ৩৭ ডিগ্রি সেলসিয়াস। ওই তুলনায় রাজধানী ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল কিছুটা কম, ৩৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।গতকাল দেওয়া আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, ‘আজ কুমিল্লা ও নোয়াখালী অঞ্চলসহ রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা ও ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।তাপপ্রবাহ: আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, শ্রীমঙ্গল, রাজশাহী, পাবনা, খুলনা, যশোর ও রাঙামাটি অঞ্চলের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।পয়লা বৈশাখেও কি গরমের তীব্রতা এমনই থাকবে? এ প্রশ্নের জবাবে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ রাশেদুজ্জামান প্রথম আলো ডটকমকে বলেন, ‘গরম কয়েক দিন ধরে আছে। এপ্রিল ও মে বাংলাদেশে সবচেয়ে উষ্ণতম মাস হিসেবে ধরা হয়ে থাকে। এ সময় এমনি গরম পড়ে। তবে আশা করছি, আজ শুক্রবার থেকে কালবৈশাখীর মতো ঝড় হতে পারে। আকাশে মেঘও আছে। তাই ঝড়-বৃষ্টি হলে বৈশাখে কিছুটা তাপ কমবে।’এদিকে, প্রচণ্ড এই গরমে অনেকে ডায়রিয়া ও শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত হচ্ছেন। এ ধরনের রোগী বেশি আসছেন বলে প্রথম আলো ডটকমকে জানিয়েছেন মিরপুরের শিশুস্বাস্থ্য ফাউন্ডেশনের উপপরিচালক এ কে এম শামসুজ্জামান। এ জন্য সব বয়সী মানুষের পাশাপাশি শিশুদের প্রতি বিশেষ নজর দেওয়ার পরামর্শ দিয়েছেন জাতীয় অধ্যাপক এম আর খান। প্রথম আলো ডটকমকে তিনি বলেন, এই গরমে ঘর যতটা ঠান্ডা রাখায় যায়, তত ভালো। সবার ঘরে তো আর এয়ারকুলার নেই। এ জন্য আগে ঘরের পর্দা ভিজিয়ে রাখা হতো। এখন অনেকে তা করতে চায় না। তবে বিরতি নিয়ে কাপড় কিছুটা ভিজিয়ে শিশুদের গলা, ঘাড় মুছে দেওয়া উচিত। নবজাতকদের একমাত্র মায়ের বুকের দুধ পান করাতে হবে। এ ছাড়া প্রচুর পানি পান করতে হবে সবার।