দাবানলে পুড়েছে তিন লাখ ৭৬ হাজার একর বনভূমি (ভিডিও)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শুষ্ক আবহাওয়া ও বজ্রপাতের কারণে সৃষ্ট দাবানল ছড়িয়ে পড়ছে মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পাঁচটি অঙ্গরাজ্যে। কলোরাডো, নিউ মেক্সিকো, অ্যারিজোনা, নেভাদা ও উটাহ অঙ্গরাজ্যে কমপক্ষে ১০টি স্থানে দাবানল ব্যাপক এলাকাজুড়ে ছড়িয়ে পড়েছে। এতে তিন লাখ ৭৬ হাজার ২৯৪ একর বনভূমি পুড়ে গেছে।এর মধ্যে গত শনিবার কলোরাডো ও নিউ মেক্সিকোয় নতুন করে শুরু হওয়া দাবানলের দুটি ঘটনাকে বিশেষজ্ঞরা আশঙ্কাজনক হিসেবে চিহ্নিত করেছেন। তাঁরা বলছেন, এসব দাবানলের ছড়িয়ে পড়ার গতি এ যাবত্কালের মধ্যে সর্বোচ্চ।দাবানলে কলোরাডোর রাজধানী ডেনভার থেকে প্রায় ৬০ মাইল দূরে প্রায় ৪৩ হাজার একর বনভূমি পুড়ে গেছে। আগুন এখনো নিয়ন্ত্রণের বাইরে। দাবানলের কারণে ল্যারিমের কাউন্টিতে একজন বৃদ্ধার মৃত্যু হয়েছে। ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে গেছে রাজধানী। খবরে জানা যায়, দাবানলে প্রায় ১১৮টি ভবন পুড়ে ধ্বংস হয়ে গেছে।ল্যারিমের কাউন্টির শেরিফ কার্যালয়ের কর্মকর্তারা গত সোমবার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। মৃত লিন্ডা স্টিডম্যানের (৬২) পরিবার এক বিবৃতিতে জানায়, তিনি তাঁর বাসভবনে মারা যান।বিবিসির এক প্রতিবেদনে আজ বুধবার বলা হয়েছে, দমকলের শত শত কর্মী ওই আগুন নেভানোর কাজে যোগ দিয়েছেন। দুর্ঘটনার তথ্য সরবরাহকারী রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ইনসিডেন্ট ইনফরমেশন সিস্টেম (আইআইএস) তার ওয়েবসাইটে জানায়, নিউ মেক্সিকোর তিনটি বিরাট এলাকাজুড়ে দাবানল ছড়িয়ে পড়েছে। এই দাবানলের মধ্যে সবচেয়ে বেশি ছড়িয়েছে হোয়াইট ওয়াটার বাল্ডি কমপ্লেক্সের আগুন। এ নিয়ে প্রায় দুই লাখ ৮০ হাজার একর এলাকাজুড়ে জ্বলছে এই দাবানল। গত ১৬ মে শুরু হওয়া দাবানলের ৫১ শতাংশ এখন পর্যন্ত নিয়ন্ত্রণে আনা গেছে।মার্কিন ফরেস্ট সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন, শত শত মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। প্রায় ৬০০ জন দমকলকর্মী লাগাতার কাজ করে যাচ্ছেন। ফরেস্ট সার্ভিসের আগুন নেভানোর ১৩টি বিমানের পাঁচটি এই আগুন নেভাতে ব্যবহার করা হচ্ছে।