দাবি আদায় করেই ছাড়ব: মাহবুব রশিদ
এই আন্দোলন সবার। যুদ্ধাপরাধীদের বিচার চায়, এমন যে কেউ এখানে এসে যোগ দিতে পারবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে চলমান আন্দোলনের অন্যতম সংগঠক, ব্লগার ও ফেসবুক অ্যাকটিভিস্ট নেটওয়ার্কের সদস্য মাহবুব রশিদ প্রথম আলোকে এ কথা বলেছেন।গতকালের সমাবেশে লাখো জনতার শপথ থেকে আন্দোলনটি নতুন স্তরে পৌঁছেছে উল্লেখ করে মাহবুব রশিদ বলেন, ‘মানুষের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনার যে স্ফূরণ ঘটেছে, সেটাই আমাদের সবচেয়ে বড় অর্জন। এই শক্তিকে সম্বল করেই আমরা দাবি আদায় করে ছাড়ব।’এই আন্দোলন কত দিন, কীভাবে চলবে, জানতে চাইলে মাহবুব রশিদ বলেন, ‘যুক্তরাজ্যের অকুপাই ওয়ার্ল্ড স্ট্রিট মুভমেন্ট, মিসরের তাহরির স্কয়ারের আন্দোলনগুলোর অভিজ্ঞতা থেকে আমরা শিক্ষা নিয়েছি। নানা উত্থান-পতনের মধ্য দিয়ে বছরব্যাপী আন্দোলন চলেছে। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবির এই আন্দোলনও দীর্ঘদিন চালাতে হবে। আপাতত আমরা কাদের মোল্লাসহ গ্রেপ্তার হওয়া যুদ্ধাপরাধীদের ফাঁসি চাওয়ার বিষয়টি সামনে এনেছি। কিন্তু দীর্ঘ মেয়াদে দেশকে যুদ্ধাপরাধী ও রাজাকারমুক্ত করা আমাদের লক্ষ্য।’মাহবুব রশিদ বলেন, ‘জনতার যে ঢেউ জেগেছে, তার নানা মাত্রা আছে। আমাদের সঙ্গে অনেক প্রগতিশীল ছাত্রসংগঠন যোগ দিয়েছে। পেশাজীবী ও প্রবীণেরাও আছেন। একেক ধরনের মানুষ একেক সময় আন্দোলনের কর্মসূচিতে যোগ দিচ্ছেন। সে অনুযায়ী আমরা স্বেচ্ছাসেবকদের সংগঠিত করছি, কাজ করছি।’শাহবাগ চত্বরটি রাজধানীর সঙ্গে মতিঝিল-গুলিস্তানের অন্যতম প্রধান যোগাযোগের সড়ক। দুটি গুরুত্বপূর্ণ হাসপাতাল আছে এখানে। এ সড়ক দীর্ঘদিন বন্ধ থাকলে জনভোগান্তি হতে পারে। এ ব্যাপারে আপনাদের চিন্তাভাবনা কী, জানতে চাইলে মাহবুব বলেন, ‘বিষয়টি আমরা বিবেচনায় নিয়েছি। আমরা ভাবছি, গুরুত্বপূর্ণ সময়ে সড়কটি ছেড়ে দিয়ে আমরা কর্মসূচিগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাদুঘর, মৎস্য ভবনের সামনের রাস্তাসহ বিভিন্ন স্থানে ছড়িয়ে-ছিটিয়ে দেব। রাতে আবার মূল শাহবাগ চত্বরে কর্মসূচি পালন করব। আর বড় সমাবেশগুলো করব ছুটির দিনে। এভাবে দীর্ঘ মেয়াদে আন্দোলন চলবে।’মাহবুব বলেন, ‘আমাদের প্রজন্মের যারা যুদ্ধ দেখেনি, যুদ্ধ করেনি, তাদের জন্য এটা বড় সুযোগ। মুক্তিযোদ্ধাদের রক্তের ঋণ কিছুটা হলেও শোধ করার এই সুযোগ আমরা হাতছাড়া করব না।’