দাবি আদায় না হলে দুধ সরবরাহ বন্ধ করবেন মিল্কভিটার সমবায়ীরা
আগামী ৪৮ ঘণ্টার মধ্যে তিন দফা দাবি আদায় না হলে ২ সেপ্টেম্বর থেকে মিল্কভিটায় অনির্দিষ্টকালের জন্য দুধ সরবরাহ বন্ধের ঘোষণা দিয়েছেন সংস্থাটির সমবায়ীরা। এসব দাবির মধ্যে রয়েছে মিল্কভিটার ব্যবস্থাপক (জিএম) নাসিম আহমেদের অপসারণ, দুধের মূল্য লিটারপ্রতি ৩৫ টাকা নির্ধারণ ও মিল্ক ইউনিয়নের নির্বাচন।আজ সোমবার সকালে শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ী মিল্কভিটা কারখানার সামনে মহাসড়ক অবরোধ কর্মসূচি পালন শেষে সিরাজগঞ্জ-৬ শাহজাদপুর আসনের সাংসদ চয়ন ইসলাম এ ঘোষণা দেন।আজ বেলা সাড়ে ১১টা থেকে দুপুর সোয়া ১২টা পর্যন্ত অবরোধ চলে। এ সময় মহাসড়কের দুই পাশে বিপুলসংখ্যক যানবাহন আটকা পড়ে। অবরোধ কর্মসূচি চলাকালে অন্যদের মধ্যে বক্তব্য দেন সিরাজগঞ্জ-৪ আসনের সাংসদ গাজী শফিকুল ইসলাম, সাবেক শিল্প উপমন্ত্রী ও শাহজাদপুর উপজেলা চেয়ারম্যান হাসিবুর রহমান, ভাঙ্গুড়া উপজেলা চেয়ারম্যান বাকি বিল্লাহ, মিল্কভিটার সাবেক চেয়ারম্যান হাসিব খান, আবদুর রাজ্জাক প্রমুখ। অবরোধ কর্মসূচিতে শাহজাদপুর, উল্লাপাড়া, পাবনার ভাঙ্গুড়া, ফরিদপুর ও সাথিয়া উপজেলার শত শত গো-খামারি অংশ নেন।