দাবি আদায় না হওয়া পর্যন্ত অবস্থান নেওয়ার ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দাবি আদায় না হওয়া পর্যন্ত চট্টগ্রামের ওয়াসা মোড়ে অবস্থান নেওয়ার ঘোষণা দিয়েছেন হেফাজতে ইসলামের নেতারা। গতকাল শুক্রবার জুমার নামাজের পর থেকে আসরের নামাজ পর্যন্ত তিনবার সিদ্ধান্ত বদল করেন হেফাজতের নেতারা। শেষ সিদ্ধান্ত অনুযায়ী ওয়াসার মোড়েই অবস্থান নেওয়ার সিদ্ধান্ত নেন তাঁরা। পূর্বঘোষণা অনুযায়ী গতকাল সকাল থেকে চট্টগ্রাম শহর ও আশপাশের মাদ্রাসা থেকে হেফাজতে ইসলামের লোকজন জমিয়াতুল ফালাহ মসজিদ মাঠে এসে জড়ো হন। তাঁদের অনেকের হাতে ছিল লাঠি। সঙ্গে ছিল বিস্কুট ও অন্যান্য শুকনা খাবার। সিদ্ধান্ত বদল: জুমার নামাজের আজান হলে জমিয়াতুল ফালাহ মসজিদের পাশাপাশি ওয়াসা মোড়ে পৃথকভাবে জামায়াতে নামাজ আদায় করেন হেফাজতে ইসলামের নেতা-কর্মীরা। এরপর ওয়াসা মোড়ের দক্ষিণ পাশে সমাবেশ শুরু হয়। সমাবেশে হেফাজতের নেতারা ঘোষণা দেন, এক ঘণ্টার মধ্যে সরকার ঢাকায় যাওয়ার জন্য বাসের ব্যবস্থা না করলে চট্টগ্রামকে গোটা দেশ থেকে বিচ্ছিন্ন করা হবে। এরপর বলা হয়, আসরের নামাজের পর পায়ে হেঁটে ঢাকার উদ্দেশে লংমার্চ শুরু হবে। আসরের নামাজের আগমুহূর্তে বলা হয়, বড় হুজুর অর্থাৎ হেফাজতে ইসলামের আমির শাহ আহমদ শফীর নির্দেশে তাঁরা ওয়াসা মোড়েই অবস্থান নেবেন। পায়ে হেঁটে তিনি ঢাকা যাওয়ার জন্য লোকজনকে নিষেধ করেছেন। হেফাজতে ইসলামের সাহিত্য ও প্রশিক্ষণ সম্পাদক হারুন ইজহার চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘আমরা সম্পূর্ণ শান্তিপূর্ণ কর্মসূচির ঘোষণা দিয়েছিলাম। সরকার আমাদের পদে পদে বাধা দিয়েছে। চট্টগ্রাম শহর থেকে এক হাজার ২০০ গাড়ি ঢাকা যাওয়ার কথা ছিল। সরকারের চাপে গাড়ির মালিকেরা শেষ মুহূর্তে আমাদের অগ্রিম টাকা ফেরত দেয়। এ অবস্থায় দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা ওয়াসা মোড়েই অবস্থান নেব।’ বিএনপি-জামায়াতের ভিড়: গতকাল সকাল থেকেই বিএনপি ও জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা জমিয়াতুল ফালাহ জাতীয় মসজিদের মাঠে হেফাজতে ইসলামের সঙ্গে অবস্থান নেন। তাঁরা হেফাজতের কর্মীদের জন্য খাবার, পানি ও ফলমূল সরবরাহ করেন। নগরের লালখান বাজার বিএনপির সাধারণ সম্পাদক শাহ আলম দলবল নিয়ে ওয়াসা মোড়ে অবস্থান নেন। কোতোয়ালি থানা বিএনপির সহসভাপতি শামসুল আলমের পক্ষ থেকে সমাবেশের লোকজনের জন্য পানি সরবরাহ করা হয়। এ ছাড়া চট্টগ্রাম সিটি করপোরেশনের ভ্যানে করে সমাবেশস্থলে পানি সরবরাহ করা হয়। জামায়াতের নেতা ও পাহাড়তলী ওয়ার্ডের কাউন্সিলর মাহফুজ আলমও দলীয় লোকজন নিয়ে দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত হেফাজতে ইসলামের সমাবেশে উপস্থিত ছিলেন। এ সময় সাতকানিয়ার ছাত্রশিবিরের ক্যাডার ও একাধিক মামলার আসামি আলী আব্বাসকেও কয়েকজন যুবক পরিবেষ্টিত অবস্থায় সমাবেশস্থলে দেখা যায়। গণজাগরণ মঞ্চের আদলে স্লোগান: সকাল আটটা-সাড়ে আটটা থেকেই হেফাজতে ইসলাম বাংলাদেশের কর্মীরা মিছিল নিয়ে আসতে থাকেন চট্টগ্রামের ওয়াসার মোড়ে। তাঁরা জমায়েত হতে থাকেন জমিয়াতুল ফালাহ জাতীয় মসজিদের সামনে। পরে সড়কদ্বীপকে বেছে নেন মঞ্চ হিসেবে। সেখান থেকেই তাঁরা বক্তব্য দিতে থাকেন জুমার নামাজের আগ মুহূর্ত পর্যন্ত। এখানে গণজাগরণ মঞ্চের আদলে তাঁরা স্লোগান দেন। যেমন, ‘ম-তে মহিউদ্দিন (চট্টগ্রামের সাবেক মেয়র এবং মহানগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী), শ-তে শাহরিয়ার কবির, জ-তে জাফর ইকবাল-তুই নাস্তিক, তুই নাস্তিক। নাস্তিক-ব্লগারের আস্তানা ভেঙে দাও, গুঁড়িয়ে দাও’ ইত্যাদি। যাত্রীবেশে যাত্রা: এদিকে গাড়ির মালিকদের সংগঠন লংমার্চের জন্য হেফাজতে ইসলামকে গাড়ি না দেওয়ায় অনেকে যাত্রীবেশে গতকাল সকালে ঢাকায় রওনা হন। ৩২ আসনের ৪৩টি ছোট বাসে চড়ে হেফাজতের প্রায় দেড় হাজার নেতা-কর্মী গতকাল সকালে ঢাকায় রওনা হন বলে চট্টগ্রাম পুলিশের ঊর্ধ্বতন এক কর্মকর্তা জানিয়েছেন। চট্টগ্রাম স্টেশনেও টিকিটের জন্য ভিড় জমান হেফাজতের শতাধিক নেতা-কর্মী। তাঁরা তাৎক্ষণিক টিকিট না পেয়ে ফিরে যান। তবে ১০ দিন আগে টিকিট কেটেছেন—এমন দেড় শতাধিক কর্মী-সমর্থক গতকাল গোধূলী এক্সপ্রেস ট্রেনে চড়ে ঢাকায় যান। হাটহাজারী মাদ্রাসা: হাটহাজারী দারুল উলুম মুঈনুল ইসলাম মাদ্রাসার অধ্যক্ষ আল্লামা শাহ আহমেদ শফী হেফাজতে ইসলামের কেন্দ্রীয় আমির। তিনি আগেই ঢাকায় এসেছেন। গতকাল তাঁর মাদ্রাসা ছিল শান্ত। কোনো মিছিল হয়নি। বরং হাটহাজারীর বিভিন্ন এলাকা থেকে ১৮-দলীয় জোটের নেতা-কর্মীরা এসে মিছিল ও ভাঙচুরের চেষ্টা করেন বলে অভিযোগ পাওয়া গেছে। হাটহাজারী সার্কেলের সহকারী পুলিশ সুপার এ এফ এম নিজামউদ্দিন এ প্রসঙ্গে বলেন, বহিরাগত লোকজন হাটহাজারী মাদ্রাসার অদূরে ভাঙচুরের চেষ্টা চালালে পুলিশ তাঁদের সরিয়ে দেয়। পটিয়া মাদ্রাসা: হেফাজতের চলমান আন্দোলনে পটিয়া আল জামিয়া আল ইসলামিয়া মাদ্রাসা সমর্থন দেয়নি। মাদ্রাসার ভেতরে কয়েক হাজার শিক্ষার্থী ও শিক্ষক শিক্ষা কার্যক্রমে ব্যস্ত ছিলেন। মাদ্রাসার সীমানার বাইরে কেউ বের হয়নি এবং কাউকে বের হতে দেওয়া হয়নি। মাদ্রাসার শিক্ষক মাওলানা ইউনুস গত বৃহস্পতিবার বিকেলে প্রথম আলোকে বলেন, ‘হেফাজতে ইসলামের চলমান আন্দোলনে আমাদের সমর্থন নেই। এতে মাওলানা আমিনীপন্থী কিছু ছাত্রের সমর্থন থাকতে পারে।’ মাওলানা ইউনুস বৃহস্পতিবার পটিয়ায় আলেমদের বৈঠকে জামায়াতে ইসলাম সম্পর্কে মন্তব্য করে বলেন, ‘এরা মদিনার ইসলামে বিশ্বাসী নয়। এরা লাহোরের ইসলামে বিশ্বাস করে।’ সাংবাদিকদের ওপর হামলা: হেফাজতে ইসলামের কর্মসূচি নিয়ে সংবাদ পরিবেশনের সময় হামলার শিকার হয়েছেন টিভি চ্যানেল একাত্তরের দুজন সাংবাদিক ও তিন ক্যামেরাম্যানসহ সাতজন। গতকাল দুপুরে চট্টগ্রামের জমিয়াতুল ফালাহ জাতীয় মসজিদের উত্তর ফটকের কাছে এই সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। আহত সাংবাদিকেরা হলেন চ্যানেল একাত্তরের চট্টগ্রাম কার্যালয়ের ব্যুরো প্রধান মাঈনউদ্দিন দুলাল, ঢাকা থেকে আসা জ্যেষ্ঠ প্রতিবেদক মহিম মিজান, ক্যামেরাম্যান রাজীব বড়ুয়া, বাবুল পাল ও আনজুমান তানভীর, একাত্তর চ্যানেলের আইটি প্রকৌশলী আলমগীর এবং চট্টগ্রামের ফটোসাংবাদিক দেবু প্রসাদ। প্রত্যক্ষদর্শীরা জানান, জুমার নামাজের পর জমিয়াতুল ফালাহ জামে মসজিদের উত্তর ফটকের বিপরীত দিকে সিটি করপোরেশনের সিএনজি স্টেশনের পাশে ক্যামেরা ও যন্ত্রপাতি বসিয়ে হেফাজতে ইসলামের কর্মসূচি সরাসরি সম্প্রচার করছিল চ্যানেল একাত্তর। হামলায় চ্যানেল একাত্তরের একটি ক্যামেরা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে মাঈনউদ্দিন দুলাল জানান। হামলাকারীরা হেফাজতে ইসলামের কর্মসূচিতে যোগ দিয়েই এই সন্ত্রাসী কাণ্ড ঘটায়। প্রত্যক্ষদর্শীরা আরও জানান, হামলাকারীরা ছাত্রশিবিরের কর্মী হতে পারে বলে ধারণা করা হচ্ছে। ট্রেনের যাত্রা বন্ধ: গতকাল সন্ধ্যায় ঢাকাগামী রেলওয়ে পূর্বাঞ্চলের চট্টগ্রাম, সিলেট, নোয়াখালী ও ময়মনসিংহগামী ট্রেনের যাত্রা বন্ধ করা হয়। নাশকতার আশঙ্কা ও যাত্রীদের নিরাপত্তার জন্য রেলওয়ে কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নেয়।