দাবি আদায় হলে হরতাল প্রত্যাহার করবে বিএনপি
যেসব দাবিতে কর্মসূচি দেওয়া হয়েছে, তা সরকার পূরণ করতে পারলে হরতাল প্রত্যাহার করে নেবে বিএনপি। নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে গতকাল বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এ কথা বলেন।পল্টনের মহাসমাবেশে আসার পথে বিভিন্ন স্থানে বিএনপির নেতা-কর্মীদের ওপর হামলার ঘটনা অবহিত করতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সাংবাদিকদের প্রশ্নের জবাবে নজরুল ইসলাম খান বলেন, বিএনপি হরতাল ডেকেছে জনগণের অধিকার আদায়ে সরকারের ওপর চাপ সৃষ্টি করার জন্য। সরকার যদি দাবি মেনে নেয়, তাহলে হরতালের প্রয়োজন হবে না। তিনি বলেন, সরকার দাবিগুলো পূরণ করলে বিএনপি হরতাল প্রত্যাহার করে নেবে।গ্যাস, বিদ্যুৎ ও পানিসংকট, দখল ও টেন্ডারবাজি, ছাত্রী লাঞ্ছনা, চাকরিচ্যুতি, ভারতের সঙ্গে অসম চুক্তি, নির্বাচন কমিশনারদের পদত্যাগ, দ্রব্যমূল্য ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণসহ বিভিন্ন দাবিতে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গত বুধবার ঢাকার মহাসমাবেশ থেকে ২৭ জুন হরতাল কর্মসূচি ঘোষণা করেন।নজরুল ইসলাম খান বলেন, আজকে যারা হরতালের বিরোধিতা করছেন, তাঁরাই ২০০১ থেকে ২০০৬ সালের অক্টোবর পর্যন্ত জোট সরকারের শাসনামলে মোট ১৭৩ দিন হরতাল দিয়েছেন।সংবাদ সম্মেলনে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মীর মোহাম্মদ নাছির উদ্দিন, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যুগ্ম মহাসচিব আমানউল্লাহ আমান, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।যুবদলের নিন্দা: মুন্সিগঞ্জ থেকে মহাসমাবেশে আসার পথে মীরকাদিম পৌর যুবদলের সাংগঠনিক সম্পাদক আকবর হোসেন নিহত হওয়ার ঘটনায় নিন্দা জানিয়েছে যুবদল। গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে যুবদলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন ও সাধারণ সম্পাদক সাইফুল আলম এ ঘটনার জন্য আওয়ামী লীগ সন্ত্রাসীদের দায়ী করেছেন। বিজ্ঞপ্তিতে বলা হয়, ওই দিন মহাসমাবেশে আসার পথে বিভিন্ন স্থানে যুবদলের অন্তত অর্ধশতাধিক নেতা-কর্মী হামলায় আহত হয়েছেন।