আইনের ধারা বাতিলের দাবি, আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান: শিক্ষামন্ত্রী
দাবি আদায়ে অবরোধ, ভাঙচুর
নিজস্ব আয়ে চলতে হবে—জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইনের এমন ধারাটি বাতিলের দাবিতে রাজপথে বিক্ষোভ ও এলোপাতাড়ি গাড়ি ভাঙচুর করেছেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা।গতকাল রোববার বিক্ষুব্ধ শিক্ষার্থীরা হাইকোর্টের সামনে কদম ফোয়ারা মোড় অবরোধ করেন। বেলা ১১টা থেকে প্রায় আড়াই ঘণ্টা শিক্ষার্থীদের অবরোধের মুখে আশপাশের এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়। এ সময় তাঁরা শিক্ষামন্ত্রীকে নিয়ে আসার দাবিতে একজন সাংসদকে দুই ঘণ্টার বেশি সময় আটকে রাখেন।তবে সকাল থেকে শান্তিপূর্ণ অবস্থান থাকলেও বেলা দুইটার দিকে পুলিশ ধাওয়া দিলে শিক্ষার্থীরা দৌড়ে পালানোর সময় এলোপাতাড়ি গাড়ি ভাঙচুর করেন। এ সময় অন্তত অর্ধশত গাড়ি ভাঙচুর করা হয়। পুলিশও শিক্ষার্থীদের লাঠিপেটা করে। আবার কয়েকজন শিক্ষার্থীকে ছাত্রলীগের কর্মী ও গাড়িচালকেরা মারধর করেন। ঘটনাস্থল থেকে কোতোয়ালি ও শাহবাগ থানার পুলিশ ১৫ জনকে আটক করে। আহত হন পুলিশের একজন সদস্যসহ অন্তত ১০ জন ছাত্র।এদিকে বিষয়টি নিয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সচিবালয়ে সাংবাদিকদের বলেন, সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনা করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সমস্যা সমাধানের পথ বের করা হবে। একই সঙ্গে ভাঙচুরের ঘটনায় ছাত্রদের পক্ষ হয়ে তিনি দেশবাসীর কাছে ক্ষমা চান।জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইনের (২০০৫) ২৭(৪) ধারায় বলা হয়েছে, ‘বিশ্ববিদ্যালয় প্রকল্প বাস্তবায়িত হওয়ার পর বিশ্ববিদ্যালয়ের পৌনঃপুনিক ব্যয় জোগানে সরকার কর্তৃক প্রদেয় অর্থ ক্রমান্বয়ে হ্রাস পাইবে এবং পঞ্চম বৎসর হইতে উক্ত ব্যয়ের শতভাগ অর্থ বিশ্ববিদ্যালয়ের নিজস্ব আয় ও উৎস হইতে বহন করিতে হইবে।’কুমিল্লা বিশ্ববিদ্যালয় আইন (২০০৬)-এর ২৭(৩) এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় আইন (২০০৬)-এর ২৭(৩) ধারায়ও একই কথা বলা আছে। তবে এ দুটি বিশ্ববিদ্যালয়ের জন্য সময় দেওয়া আছে ১০ বছর করে।সম্প্রতি অর্থ মন্ত্রণালয় জানিয়ে দিয়েছে, এসব সরকারি বিশ্ববিদ্যালয়ের জন্য অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মতো বরাদ্দ দেওয়া সম্ভব নয়। সরকারি অনুদান বন্ধ হয়ে গেলে চাপ পড়বে শিক্ষার্থীদের ওপর। কর্তৃপক্ষ বলছে, শিক্ষার্থীদের প্রতিবছর অন্তত ২০ হাজার টাকা ফি দিতে হবে। বেতন বাড়ার এ আশঙ্কা থেকে আইনের ওই ধারা বাতিলের দাবিতে সকাল ১০টায় শিক্ষার্থীরা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন। একপর্যায়ে তাঁরা বিশ্ববিদ্যালয়ের সামনের সড়কে তিনটি বাস ভাঙচুর করেন। এ সময় কোতোয়ালি থানার পুলিশ দুজন ছাত্রকে আটক করে। পরে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা মিছিল নিয়ে জাতীয় প্রেসক্লাবের সামনে যান। সেখানে কিছুক্ষণ অবস্থানের পর তাঁরা হাইকোর্টের সামনে কদম ফোয়ারা মোড় অবরোধ করেন।শিক্ষার্থীরা মৎস্য ভবন থেকে প্রেসক্লাব-পল্টন, বঙ্গবাজার-গুলিস্তানের রাস্তা বন্ধ করে দিয়ে বিক্ষোভ প্রদর্শন করতে থাকেন। তাঁদের দাবি, বিশ্ববিদ্যালয় আইনের ২৭(৪) ধারাটি বাতিল করতে হবে। কেউ কেউ নিজের শরীরে লিখে ধারাটি বাতিলের দাবি জানাতে থাকেন। এ সময় শিক্ষার্থীরা তাঁদের আবাসনসমস্যার সমাধান এবং যাতায়াতের জন্য বাস বাড়ানোরও দাবি জানান। শিক্ষামন্ত্রী এসে এ দাবি মেনে না নেওয়া পর্যন্ত তাঁরা সেখানে অবস্থান করারও ঘোষণা দেন। সকাল থেকে সেখানে তাঁদের অবস্থান ছিল শান্তিপূর্ণ।এ সময় ময়মনসিংহ-৬ আসনের সাংসদ মোসলেম উদ্দিনের গাড়ি শিক্ষার্থীদের বাধার মুখে পড়ে। হাইকোর্টের সামনে গাড়িটি ঘিরে ফেলেন শিক্ষার্থীরা। গাড়ির ভেতর ছিলেন সাংসদ। পরে তিনি নেমে এসে শিক্ষার্থীদের শান্ত করার চেষ্টা করেন। কিন্তু শিক্ষার্থীরা দাবি জানান, শিক্ষামন্ত্রী না আসা পর্যন্ত তাঁরা সাংসদকে ছাড়বেন না। শেষ পর্যন্ত টানা প্রায় দুই ঘণ্টা সেখানে অবরুদ্ধ ছিলেন এই সাংসদ।বেলা একটার দিকে বিক্ষোভস্থলে আসেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মেসবাহ উদ্দিন আহমেদ, কোষাধ্যক্ষ মো. শওকত জাহাঙ্গীরসহ বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকজন শিক্ষক। এ সময় তাঁদের সঙ্গে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের আহ্বায়ক সাইফুল ইসলাম আখন্দ, যুগ্ম আহ্বায়ক খন্দকার আরিফ, নিজাম উদ্দিন, ওমর ফারুক, ওবায়দুল, বুলবুলসহ ছাত্রলীগের নেতাদের দেখা যায়। একপর্যায়ে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগও এসে দাঁড়ান উপাচার্যের পাশে। এ সময় ছাত্রলীগের নেতারা বিশ্ববিদ্যালয়ের বিক্ষুব্ধ শিক্ষার্থীদের হুমকি দেন। আন্দোলনে যোগ দেওয়া ছাত্রলীগের অনেক কর্মীকেও আন্দোলন থেকে সরিয়ে নেওয়া হয় বলে অভিযোগ করেন শিক্ষার্থীরা।বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিক্ষোভস্থলে আসার পর শিক্ষার্থীরা তাঁর বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন। উপাচার্য তাঁদের উদ্দেশে বলেন, শিক্ষার্থীদের এই প্রতিবাদের সঙ্গে প্রশাসন একমত। আইনের ২৭(৪) ধারাটি বাতিলের জন্য শিক্ষা মন্ত্রণালয় ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সঙ্গে আলোচনা চলছে। ধারাটি বাতিল করা হবে। এক পয়সাও বেতন বাড়ানো হবে না।উপাচার্য শিক্ষার্থীদের ক্যাম্পাসে ফিরে যেতে বলেন। কিন্তু শিক্ষার্থীরা উপাচার্যের কথায় কর্ণপাত করেননি। তাঁরা বলেন, পাঁচ বছর ধরে তাঁরা এ ধরনের আশ্বাস শুনে আসছেন। উপাচার্য দ্বিতীয় দফায় শিক্ষার্থীদের বোঝানোর চেষ্টা করেও ব্যর্থ হন। শিক্ষার্থীরা তাঁদের দাবিতে অনড় থাকেন।একপর্যায়ে ব্যর্থ হয়ে উপাচার্য ও কোষাধ্যক্ষসহ প্রশাসনের কর্তাব্যক্তিরা ঘটনাস্থল থেকে চলে যান। এর পরপরই পুলিশ আন্দোলনরত শিক্ষার্থীদের ধরপাকড় শুরু করে। এ সময় শিক্ষার্থীরা দুই ভাগে বিভক্ত হয়ে পালিয়ে যান। পুলিশ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা তাঁদের ধাওয়া দেন।ধাওয়ার মুখে একটি দল পল্টনের দিকে এবং আরেক দল সচিবালয়ের দিকে এলোপাতাড়ি গাড়ি ভাঙচুর করতে করতে ক্যাম্পাসের দিকে চলে যায়। এ সময় সচিবালয়ের সামনে গাড়ি ভাঙচুর করার অভিযোগে পরিবহন-শ্রমিকেরা বেশ কয়েকজন ছাত্রকে মারধর করেন। ছাত্রলীগের কর্মীরাও কয়েকজন ছাত্রকে মারধর করেন।মহানগর পুলিশের রমনা বিভাগের উপ-কমিশনার কৃষ্ণ পদ রায় প্রথম আলোকে জানান, ভাঙচুরের ঘটনায় ১৫ জনকে আটক করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। শিক্ষার্থীরা ২০টির মতো গাড়ি ভাঙচুর করেন বলে তিনি দাবি করেন।এর আগে আন্দোলনরত শিক্ষার্থী জাহিদুল ইসলাম প্রথম আলোকে জানান, হলসহ বিভিন্ন সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত শিক্ষার্থীরা এমনিতেই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মতো বেতন-ভাতা দিচ্ছেন। এরপর সরকারের এই বেসরকারীকরণের পরিকল্পনা শিক্ষার্থীরা কখনোই মেনে নেবেন না।শিক্ষার্থী সাব্বির আহমেদ জানান, পাবলিক বিশ্ববিদ্যালয়ের সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অনেক দিন ধরেই ফুঁসছিলেন। এ ক্ষেত্রে আর কোনো ছাড় দেওয়া হবে না। যত দিন না আইন সংশোধন হচ্ছে, শিক্ষার্থীরা আন্দোলন করে যাবেন বলেও জানান তিনি।সার্বিক অবস্থা নিয়ে বিকেলে উপাচার্যের সভাপতিত্বে প্রশাসনের জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে ভারপ্রাপ্ত প্রক্টর অশোক কুমার সাহা বলেন, ক্যাম্পাস এখন শান্ত। কাল (আজ সোমবার) থেকে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকবে। প্রশাসনের পূর্ব অনুমতি ছাড়া কাউকে মিছিল-সমাবেশ করতে দেওয়া হবে না। তিনি আরও বলেন, শিক্ষার্থীদের এ দাবির সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসন একমত, কিন্তু কোনোভাবেই বিশৃঙ্খলা সহ্য করা হবে না।ক্ষমা চাইলেন শিক্ষামন্ত্রী: ভাঙচুরের ঘটনার পরপরই শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের বলেন, ‘সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনা করে সমাধানের পথ বের করব। তাৎক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে কথা বলেছি।’মন্ত্রী বলেন, ‘যা ঘটেছে (শিক্ষার্থীদের ভাঙচুর), সে জন্য দুঃখিত, বিব্রত। এ ঘটনা কোনোভাবেই কাম্য নয়। যেহেতু শিক্ষার্থীরা আমাদেরই ছাত্রছাত্রী, এ জন্য তাদের পক্ষ থেকে দেশবাসীর কাছে এ ঘটনার জন্য আমি ক্ষমাপ্রার্থী।’শিক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রী বলেন, ‘জনগণের সম্পদ নষ্ট করা ঠিক নয়। এতে তোমাদেরই সুনাম নষ্ট হয়। শিক্ষার্থীদের দাবি উড়িয়ে দিচ্ছি না। কিন্তু বিশ্ববিদ্যালয়গুলো শুধু সরকারের ওপর নির্ভর করে চলতে পারে না। সকলে চিন্তা করে পথ বের করতে হবে।’