দাবি আদায়ে বিমানকে ২৪ ঘণ্টার সময়সীমা বৈমানিকদের
বাংলাদেশ বিমানের বৈমানিকদের অবসরের বয়সসীমা বাড়ানোর আদেশ বাতিলের দাবি জানিয়েছে বাংলাদেশ এয়ারলাইন্স পাইলট অ্যাসোসিয়েশন (বাপা)। এ জন্য বাপা ২৪ ঘণ্টা সময়সীমা বেঁধে দিয়েছে।বাপার নেতাদের অভিযোগ, কয়েকজন ব্যক্তির স্বার্থে বৈমানিকদের চাকরির বয়সসীমা পাঁচ বছর বাড়িয়ে ৫৭ থেকে ৬২ বছর করা হয়েছে। এতে বাপার সঙ্গে বিমানের বিদ্যমান চুক্তি ভঙ্গ করা হয়েছে।আজ বুধবার রাজধানীর উত্তরার একটি হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পাইলট অ্যাসোসিয়েশনের নেতারা বয়সসীমা বাড়ানোর আদেশ বাতিলের সময়সীমা বেঁধে দেন। এর মধ্যে দাবি না মানলে বৈমানিকেরা চুক্তির বাইরে অতিরিক্ত দায়িত্ব পালন করবেন না।বাপার সাধারণ সম্পাদক ক্যাপ্টেন এম এ বাসেত মাহতাব বলেন, ‘বৃহস্পতিবার বিকেল পাঁচটার মধ্যে আদেশ প্রত্যাহার করা না হলে আমরা আমাদের কর্মসূচি শুরু করব।’ তিনি আরও বলেন, ‘দাবি মানা না হলে আগামী ৮ নভেম্বর থেকে কর্মবিরতিসহ বড় ধরনের আন্দোলন কর্মসূচি দেওয়া হবে।’প্রসঙ্গত, বিমান কর্তৃপক্ষের সঙ্গে বাপার চুক্তি অনুযায়ী প্রত্যেক বৈমানিকের মাসে ৭০ ঘণ্টা করে বিমান চালনার কথা। কিন্তু তাঁরা সাধারণত এর চেয়ে বেশি সময় ফ্লাইট পরিচালনায় যুক্ত থাকেন। এখন তাঁদের ঘোষণা অনুযায়ী চুক্তির অতিরিক্ত সময় ফ্লাইট পরিচালনা না করলে বিমানের নিয়মিত ফ্লাইটসহ হজ ফ্লাইটে সমস্যা দেখা দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।বাপার সাধারণ সম্পাদক বলেন, ‘বৈমানিকদের এ কর্মসূচিতে বিমানের ফ্লাইট-বিপর্যয় দেখা দিলে এর দায় আমরা নেব না।’ তবে হজ ফ্লাইট এ কর্মসূচির বাইরে থাকবে বলে তিনি জানান।সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন বাপার ভারপ্রাপ্ত সভাপতি ক্যাপ্টেন জাকির হোসাইন ও জ্যেষ্ঠ সদস্য ক্যাপ্টেন মাকসুদ। এ সময় বেশ কয়েকজন বৈমানিক উপস্থিত ছিলেন।