দাবি আদায়ে রাজপথে ‘প্রাইভেটকার’ চালকেরা
দাবি আদায়ে রাজপথে নামার কথা ভাবছেন নগরের ‘প্রাইভেটকার’-এর চালকেরা। গাড়িচালকদের কাছ থেকে অন্তত সে রকমটাই আভাস পাওয়া গেল মে দিবসের সকালে। প্রেসক্লাবের সামনে তাঁরা দলবলে হাজির হয়েছিলেন সেদিন।প্রাইভেটকার চালকদের সঙ্গে কথা বলে জানা গেল, বেতন-ভাতা থেকে শুরু করে নানা সমস্যা নিয়ে তাঁদের ভুগতে হচ্ছে। জমায়েত হওয়া চালকদের দুই-একজনের সঙ্গে কথা বলতেই গাড়ির মালিকদের বিরুদ্ধে তাঁদের এন্তার অভিযোগ পাওয়া গেল। যেমন গাড়িচালক নজরুল ইসলাম বললেন, ‘চাকরি দেওয়ার সময় বইলা নিছে আট ঘণ্টা ডিউটি করাবে। এখন ১৬ ঘণ্টা ডিউটি করতে হয়। অফিস উিউটির পরও হাউস ডিউটি করতে হয়। কিন্তু কোনো ওভারটাইম পাই না। এর মধ্যে একদিন লুকিং গ্লাস চুরি হয়ে গেছে, সেইটার টাকা আমার বেতন থেইকা কাইটা রাখছে। আমারে বেতনই দেয় ৭ হাজার ৫০০ টাকা। ৫ ভাই আর বাবা-মা নিয়া সংসার। এই বেতনেই চলতে কষ্ট, তার মধ্যে যদি আবার বেতন থেইকা টাকা কাটে তাইলে আমি চলুম ক্যামনে?’তাঁর সঙ্গে সুর মিলিয়ে মোহাম্মদ আবু কালাম বললেন, ‘সকাল সাতটা থেকে ডিউটি করি রাত ১২টা পর্যন্ত। এর মধ্যে কোনো নাশতা নাই, লাঞ্চ নাই। বেড়াইতে যায় বইলা শুক্রবারে ছুটি দেয় না, সরকারি ছুটির দিনও ছুটি পাই না। তিন দিনের ছুটি চাইলাম বাড়িতে যাওয়ার জন্য, সেইটাও দিল না। কিছু কইলে বলে, ভালো না লাগলে চাকরি ছেড়ে দাও, আমরা অন্য ড্রাইভার নিয়ে নেব।’গাড়িচালক মিলন অভিযোগ করলেন, ‘কম বেতন, খাটনি এইসব তো আছেই, সকালে আমার বাসা থেইকা যখন বাইর হই তখন আমার ছেলে ঘুমায়া থাকে। রাইতে যখন বাসায় ফিরি তখনো আমার ছেলে ঘুমায়া থাকে। এমনে চলতে থাকলে আর দুই দিন পর আমারে আর বাবা বইলাই চিনতে পারব না।’ চালকদের মধ্যে থেকে বেশ কয়েকজন অভিযোগ করলেন, গাড়িচালকদের চাকরির কোনো রকম স্থায়িত্ব নেই। বিনা নোটিশে চলে যেতে পারে চাকরি। এমনকি সেদিনের সেই সমাবেশে আসার দায়ে চাকরি চলে গেছে এমন কয়েকজনকেও পাওয়া গেল। তাঁরা জানালেন, এখান থেকে ফিরে গিয়ে নতুন চাকরি খোঁজা ছাড়া আর কোনো উপায় থাকবে না তাঁদের। চাকরি হারানোদের একজন মোহাম্মদ মিন্টু বললেন, ‘দুনিয়ার সব চাকরিতে কাউরে ছাঁটাই করলে তিন মাসের বেতন দিয়ে দেওয়ার নিয়ম, কিন্তু আমাদের ড্রাইভারদের কেউ কোনো দিন বলতে পারবে না তাদের চাকরি থেকে বাইর কইরা দেওনের পর তার হাতে এক দিনের বেতনও ধরায়া দিছে। আমাগো এই চাকরির কোনো নিয়মকানুন নাই।’তবে গাড়িচালকদের সেদিনের সেই জমায়েতের মধ্যে থেকে আনিস মিয়া বললেন, ‘আমরা লাখ টাকা দামের গাড়ি চালাই ঠিকই, কিন্তু আমাদের জায়গাটা আসলে বাড়ির চাকরবাকরদের সমান। আমাদের ওভারটাইম নাই, চাকরির গ্যারান্টি নাই। খাওয়া-ঘুম নাই। পরিবারে সুখ-শান্তি নাই। এত শ্রম দিই কিন্তু শ্রমিকের সম্মানটা আমরা পাই না।’কিন্তু গাড়ির মালিকদেরও তেল চুরি, যন্ত্রাংশ বদলানো, ভাড়ায় গাড়িতে লোক ওঠানোসহ ব্যাপক অভিযোগ রয়েছে চালকদের বিরুদ্ধে। এ অভিযোগগুলো গাড়িচালকেরা মোটেই অস্বীকার করলেন না। গাড়িচালক মোমিন আলী বললেন, ‘হ্যাঁ, আমরা চুরি করি। গাড়ি নিয়া খেপ মারি। তা নাইলে কি করমু? ঠ্যাক দিমু? এইখানে এতগুলা ড্রাইভার আছে জিজ্ঞেস করেন তো এদের মধ্যে একজনও আছে কি না যে আট হাজার টাকার উপরে বেতন পায়। আজকের এই দিনে বাজারের অবস্থা দেখেন, ছয় হাজার, সাড়ে ছয় হাজার টাকায় ঢাকা শহরে বউ-বাচ্চা নিয়া চলা যায়? তাই সংসারের চালানির জন্য, একটু সুখ-স্বাচ্ছন্দের জন্য ড্রাইভাররা এসব দুই নম্বরি করে।’বিচ্ছিন্ন হয়ে থাকা রাজপথের গাড়িচালকদের এক ছাতার তলায় আনতে যাঁরা ক্রমাগত চেষ্টা করে যাচ্ছেন তাঁদেরই একজন হচ্ছেন নুরুন্নবী দোলন। গাড়িচালকদের নানা দাবি আর অভিযোগ নিয়ে কথা হলো তাঁর সঙ্গে, ‘আমাদের দাবিগুলো ন্যায্য এবং পরিষ্কার। আমরা চাই অন্য শ্রমিকদের মতো আমাদেরও ইউনিয়নের আওতায় আনতে হবে। একজন গাড়িচালকের ন্যূনতম বেতন ১০ হাজার টাকা করতে হবে। নয়টা-পাঁচটা উিউটির পর কাজ করালে ওভারটাইম দিতে হবে। চাকরি থেকে বরখাস্ত করলে তিন মাস দশ দিনের বেতন দিতে হবে। সাপ্তাহিক ছুটির পাশাপাশি বাৎসরিক ৩০ দিন ছুটি দিতে হবে। ডিউটির সময় কোনো দুর্ঘটনা ঘটলে সব চিকিৎসা ব্যয় এবং ক্ষতিপূরণ দিতে হবে। এ ছাড়া পাঁচ বছর চাকরি করার পর যদি অব্যাহতি দেওয়া হয় তাহলে ন্যূনতম পেনশন ভাতা দিতে হবে। সরকারের কাছে প্রাইভেট গাড়িচালকদের একটাই দাবি, ‘আমাদের অধিকার আদায়ে আপনারা এগিয়ে আসুন। নাহলে রাজপথে নামা ছাড়া আমাদের আর কোনো উপায় থাকবে না।’